খ্যাতির শীর্ষে থেকেও ভক্তরা কেন চিনতে পারলেন না রজনীকান্তকে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৩, | ১৪:২৪:৪৩ |
সুপারস্টার রজনীকান্তকে ঘিরে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। পর্দায় তাঁর প্রবেশ মানেই করতালির ঝড়, স্লো মোশন এন্ট্রি আর সিনেমা হলে উৎসবের আবহ। তবে সম্প্রতি নিজের জীবনের এক ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি জানালেন, খ্যাতির শীর্ষে থেকেও এক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, যখন কেউ তাঁকে চিনতেই পারেননি।

ঘটনাটি ঘটেছিল বেঙ্গালুরুতে। রজনীকান্ত জানান, তখন তিনি খ্যাতির একেবারে শীর্ষে অবস্থান করছিলেন। একদিন বন্ধুর সঙ্গে গাড়িতে করে শহরের রাস্তা দিয়ে যাওয়ার সময় সিগন্যালে তাঁদের গাড়ি থেমে যায়। পাশেই একটি বাস দাঁড়িয়ে ছিল। সেই মুহূর্তে অভিনেতার মনে হয়েছিল, বাসের যাত্রীরা নিশ্চয়ই তাঁকে চিনে ফেলবেন এবং স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া দেখাবেন।



নিজের তারকাখ্যাতি নিয়ে আত্মবিশ্বাসী রজনীকান্ত তখন গাড়ির জানালা নামিয়ে বাসের যাত্রীদের দিকে হাত নাড়তে শুরু করেন। তাঁর ধারণা ছিল, তাঁকে দেখে বাসের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়বে, কেউ হয়তো চিৎকার করে উঠবেন, কেউ আবার কাছে আসবেন বা অটোগ্রাফ চাইবেন।

কিন্তু বাস্তব ছিল একেবারেই ভিন্ন। রজনীকান্তের ভাষ্য অনুযায়ী, বাসের যাত্রীরা কেউই তাঁর দিকে বিশেষ মনোযোগ দেননি। কেউ জানালার বাইরে তাকাচ্ছিলেন, কেউ নিজের কাজে ব্যস্ত ছিলেন, আবার কেউ ঘুমিয়ে ছিলেন। দীর্ঘ সময় হাত নাড়ার পরও কোনো প্রতিক্রিয়া না পেয়ে তিনি বুঝতে পারেন, তাঁকে কেউই চিনতে পারেননি।

এই ঘটনাটি তাঁর জীবনে গভীর প্রভাব ফেলে। রজনীকান্ত বলেন, সেই মুহূর্তেই তাঁর ভেতরের অহংকার ভেঙে যায়। তিনি উপলব্ধি করেন, খ্যাতি সব সময় সর্বত্র সমানভাবে কাজ করে না এবং একজন মানুষের গুরুত্ব নিয়ে নিজের ধারণা অনেক সময় বাস্তবের সঙ্গে মেলে না।

মহাতারকার এই অকপট স্বীকারোক্তি ভক্তদের কাছেও এক বড় শিক্ষা হিসেবে ধরা দিয়েছে। সাফল্যের শীর্ষে থেকেও বিনয়ী থাকা এবং বাস্তবতাকে মেনে নেওয়ার মানসিকতা যে কতটা গুরুত্বপূর্ণ, রজনীকান্তের এই অভিজ্ঞতা তা-ই নতুন করে মনে করিয়ে দেয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..