রিয়ালের শিরোপাহীন দুই মৌসুমকে ‘অগ্রহণযোগ্য’ বললেন ক্রুস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১২, | ১৯:২৮:০১ |
রিয়ালের সাবেক তারকা টনি ক্রুস মনে করেন, টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা ছাড়া কাটানো রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের জন্য মেনে নেওয়ার মতো নয়। সাবেক এই জার্মান মিডফিল্ডার জানিয়েছেন, দলের ভেতরের নেতিবাচক পরিবেশও চলতি মৌসুমে তাদের ব্যর্থতার অন্যতম কারণ।

গত মৌসুমে অন্তত উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে কিছুটা সান্ত্বনা পেয়েছিল মাদ্রিদ। তবে চলতি মৌসুমে কোনো বড় ট্রফিই জিততে পারেনি স্প্যানিশ জায়ান্টরা।

সব প্রতিযোগিতাতেই হতাশাজনক পারফরম্যান্স করেছে দলটি। কোপা দেল রে'র শেষ ষোলোতে দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের কাছে হেরে বিদায় নেয় তারা। এরপর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগেই হারে রিয়াল।

লা লিগায়ও শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হয়েছে তাদের। সর্বশেষ ক্লাসিকোয় বার্সেলোনা ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে। অথচ মৌসুমের এক পর্যায়ে বেশ ভালো ব্যবধানে শীর্ষে ছিল রেয়াল।

ভাই ফেলিক্স ক্রুসের সঙ্গে এক আলোচনায় টনি ক্রুস বলেন, বড় কোনো শিরোপা ছাড়া দুই মৌসুম কাটানো রেয়ালের জন্য একেবারেই অগ্রহণযোগ্য। তাঁর মতে, দলের ভেতরের খারাপ পরিবেশ ম্যাচের ফলেও প্রভাব ফেলেছে। এমনকি ক্লাসিকো শুরুর আগেই ফল অনেকটা অনুমান করা যাচ্ছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দ্বিতীয়ার্ধে কিছুটা ভারসাম্যপূর্ণ ফুটবল খেললেও গোল করতে পারেনি রিয়াল। পাশাপাশি শিরোপা জয়ের জন্য বার্সেলোনাকেও অভিনন্দন জানান জার্মান এই কিংবদন্তি।

মৌসুমের মাঝপথে কোচ পরিবর্তন করেও খুব একটা লাভ হয়নি রিয়ালের। জানুয়ারিতে শাবি আলোন্সোকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় আলভারো আরবেলোয়াকে। শুরুতে কিছুটা উন্নতির আভাস মিললেও মার্চের আন্তর্জাতিক বিরতির পর আবারও ছন্দ হারায় দলটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..