নতুন মোড়কে আসছে জাপানের ক্যালবি

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে সাদা-কালো হচ্ছে চিপসের প্যাকেট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১২, | ১৯:১২:০২ |
ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এশিয়ায় ন্যাপথার দাম প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে চিপস থেকে শুরু করে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানসহ সব খাতের ওপর চাপ সৃষ্টি হচ্ছে

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এসে পড়েছে জাপানের স্ন্যাকস বা চিপসের মোড়কে। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাতের ফলে বিশ্বজুড়ে প্রকট হয়েছে কালির কাঁচামাল সংকট। পরিস্থিতি সামাল দিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে জাপানি স্ন্যাকস জায়ান্ট ‘ক্যালবি’। নিজেদের ১৪টি পণ্যের রঙিন প্যাকেট বদলে সাময়িকভাবে সাদা-কালো নকশায় বাজারজাত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি।

মূলত কালির অন্যতম প্রধান উপাদান ‘ন্যাপথা’ সরবরাহে বিঘ্ন ঘটায় এ সংকট তৈরি হয়েছে। ন্যাপথা হলো খনিজ তেল পরিশোধনের সময় উৎপাদিত একটি উপজাত, যা কালি এবং প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় এ কাঁচামালের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে।

ক্যালবি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে কাঁচামাল সরবরাহে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। রঙিন প্যাকেট ছাপানোর জন্য প্রয়োজনীয় কালির পর্যাপ্ত জোগান না থাকায় প্যাকেজিংয়ের নকশা সহজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নিয়েছে ক্যালবি। আগামী ২৫ মে থেকে জাপানের দোকানগুলোয় নতুন সাদা-কালো প্যাকেট দেখা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এশিয়ায় ন্যাপথার দাম প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে চিপস থেকে শুরু করে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানসহ সব খাতের ওপর চাপ সৃষ্টি হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..