বিশ্বকাপের পর ক্যারিয়ারের ইতি টানতে পারেন হামেস!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৯:৪৭:৫৫ |
২০১৪ বিশ্বকাপের সবচেয়ে বড় চমক ছিল হামেস রদ্রিগেজের গোল্ডেন বুট জেতা। স্বাগতিক ব্রাজিলের কাছে হেরে অলম্বিয়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিজের করে নিয়েছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। বিশ্বকাপে তার দারুণ পারফরম্যান্স তার সামনে খুলে দিয়েছিল বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের দুয়ার। কিন্তু শুরুর দিনে যে সম্ভাবনার ঝলক দেখিয়েছিলেন হামেস, ক্যারিয়ারের পরবর্তী ধাপে তা পুরোপুরি প্রস্ফুটিত করতে পারেননি তিনি।

বিশ্বকাপের মঞ্চ দিয়ে পরিচিতি পাওয়া হামেস রদ্রিগেজ আরেকটি বিশ্বকাপ সামনে রেখে ক্যারিয়ারের ইতি টানার কথা ভাবছেন। এমন খবরই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, ক্লাব মিনেসোটা ইউনাইটেড ইতিমধ্যেই হামেসের এই পরিকল্পনা সম্পর্কে অবগত।

৩৪ বছর বয়সী এই কলম্বিয়ান মিডফিল্ডার ক্লাবকে জানিয়েছেন, বিশ্বকাপ শেষ হওয়ার পর তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানাতে পারেন।



সাংবাদিক ফেলিপে সিয়েরা জানিয়েছেন, যদিও ক্লাবে তার চুক্তি আরও ছয় মাস বাড়ানোর সম্ভাবনা ছিল, মিনেসোটা ইউনাইটেড বুঝতে পারছে হা্মেসের প্রথম পছন্দ হলো বিশ্বকাপের পর অবসর নেওয়া। তিনি এই অবস্থান আগেই ক্লাবকে জানিয়ে রেখেছেন।

মেজর লিগ সকারে (এমএলএস) তার সময়টা প্রত্যাশামতো যাচ্ছে না। এখন পর্যন্ত মিনেসোটার হয়ে তিনি মাত্র ছয়টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে কেবল দুটি ম্যাচে শুরু থেকে মাঠে ছিলেন। এখনো তিনি কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি।

এ কারণে ২০২৬ সালের বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বড় মঞ্চ হয়ে উঠতে পারে, যদি না টুর্নামেন্টের পর তিনি সিদ্ধান্ত বদলান।

৩৪ বছর বয়সে জেমস সম্ভবত তার দীর্ঘ ও সাফল্যমণ্ডিত যাত্রার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..