বার্সেলোনায় ভবিষ্যৎ নিয়ে রাফিনিয়ার স্পষ্ট বার্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৯:১৮:১৪ |

এফসি বার্সেলোনায় নিজের ভবিষ্যৎ নিয়ে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। তিনি জানিয়েছেন, ক্লাব চাইলে নতুন চুক্তি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত তিনি।

রাফিনিয়ার বর্তমান চুক্তি এফসি বার্সেলোনার সঙ্গে ২০২৮ সালের গ্রীষ্ম পর্যন্ত কার্যকর। তবে স্কোয়াড পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহ করতে গ্রীষ্মকালীন ট্রান্সফারে তাকে বিক্রি করা হতে পারে, এমন গুঞ্জনই ঘুরে বেড়াচ্ছে ইউরোপীয় ফুটবল মহলে।

তবে এসব গুঞ্জনে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না রাফিনিয়া। ক্লাসিকো সামনে রেখে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি আরও অনেক বছর এখানে নিজেকে দেখি। ২০২৮ পর্যন্ত এখানে আমার চুক্তি আছে এবং ক্লাব যদি আমার সঙ্গে কথা বলতে চায়, আমি প্রস্তুত।'

চলতি মৌসুমে চোটের কারণে কিছুটা ভুগলেও পারফরম্যান্সে প্রভাব পড়েনি এই ব্রাজিলিয়ানের। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে ১৯ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এদিকে লা লিগা শিরোপার দৌড়ে গুরুত্বপূর্ণ এক ম্যাচে রোববার ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ-এর মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

৪ রাউন্ড বাকি থাকতে ৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা, যেখানে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৭। ক্লাসিকোতে হার এড়াতে পারলেই ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করবে কাতালান ক্লাবটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..