কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি ৫ তারকা ক্রিকেটার, বিপাকে অস্ট্রেলিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৯:০৬:৪২ |

মাঠের বাইরের রাজনীতি আর অভ্যন্তরীণ কোন্দলে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। জানা গেছে, কেন্দ্রীয় চুক্তিতে সন্তুষ্ঠ নন অস্ট্রেলিয়ার পাঁচ তারকা ক্রিকেটার। আর তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া নতুন চুক্তিতে সই করেননি তারা।

একটি ক্রীড়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ডের প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির শর্ত ও বেতন নিয়ে পাঁচ সিনিয়র ক্রিকেটার মোটেই খুশি নন। ক্রিকেটারদের রাজি করানোর চেষ্টা করছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তবে এখন পর্যন্ত কোনো ইতিবাচক ফল আসেনি।

ওয়ানডে ও টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে তিন বছরের জন্য বিশাল অংকের চুক্তির প্রস্তাব দিয়েছে সিএ। তবে অন্য তারকাদের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ উঠেছে। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা কামিন্সকে প্রায় ১২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। কিন্তু বাকি সিনিয়র ক্রিকেটাররা মনে করছেন, তাদের প্রস্তাবিত বেতন ও সুযোগ-সুবিধা বাজারের তুলনায় অনেক কম।

ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, আমরা এখন এমন এক অবস্থায় আছি যেখানে পুরো বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। আমাদের লক্ষ্য ছিল পুরো ক্রিকেটের উন্নয়ন, কিন্তু বর্তমানে আমরা ঐক্যবদ্ধ অবস্থানে নেই।

বিগ ব্যাশ লিগের বেসরকারীকরণ ভেস্তে যাওয়ায় স্থানীয় খেলোয়াড়দের মধ্যে বড় ধরনের হতাশা তৈরি হয়েছে। দেখা গেছে, এই টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়দের তুলনায় স্থানীয় খেলোয়াড়রা প্রায় এক থেকে দুই লাখ অস্ট্রেলিয়ান ডলার কম পারিশ্রমিক পান।

চুক্তিতে এই বৈষম্য দূর না হওয়ায় এখন দেশের খেলা বাদ দিয়ে বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে ঝুঁকে পড়ার হুমকি দিচ্ছেন অনেক তারকা ক্রিকেটার। অধিক আয়ের আশায় তারা জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিতে পারেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..