শতকোটি ভক্তের প্রশ্ন, টিভিতে দেখা যাবে তো বিশ্বকাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৪:১৭:২১ |
আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবল ঘিরে উত্তেজনা বাড়লেও ভারত ও চীনে সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফিফার সঙ্গে দেশ দুটির সম্প্রচারকদের এখনো কোনো চূড়ান্ত চুক্তি না হওয়ায় কোটি কোটি দর্শক রয়েছেন দুশ্চিন্তায়।

সাধারণত বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব অনেক আগেই নির্ধারিত হয়। কিন্তু এবার ভারত ও চীনের ক্ষেত্রে ফিফার চাওয়া উচ্চমূল্য নিয়ে দর কষাকষিতে আটকে আছে পুরো প্রক্রিয়া।

চীনা সংবাদমাধ্যম বেইজিং ডেইলির তথ্য অনুযায়ী, ফিফা প্রথমে রাষ্ট্রীয় চ্যানেল সিসিটিভির কাছে ৩০ কোটি ডলার দাবি করে। পরে তা কমিয়ে ১২ থেকে ১৫ কোটি ডলারে নামানো হলেও এই পরিমাণ এখনো সিসিটিভির নির্ধারিত বাজেটের তুলনায় অনেক বেশি।

চীনে ফুটবলের জনপ্রিয়তা থাকলেও দেশটি বিশ্বকাপে অংশ নিতে না পারা এবং উত্তর আমেরিকার সময়ের সঙ্গে বড় পার্থক্যের কারণে খেলাগুলো ভোরে অনুষ্ঠিত হবে। এই দুই কারণেও সম্প্রচারকরা বড় বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না।

অন্যদিকে ভারতের পরিস্থিতি কিছুটা আশাব্যঞ্জক। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, খুব শিগগিরই সম্প্রচার নিয়ে ইতিবাচক ঘোষণা আসতে পারে।

ফিফা জানিয়েছে, ভারত ও চীনের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তবে গোপনীয়তার কারণে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংস্থাটি আরও জানিয়েছে, বিশ্বের প্রায় ১৮০টি অঞ্চলে ইতোমধ্যে সম্প্রচার স্বত্ব বিক্রি সম্পন্ন হয়েছে। তবে ভারত ও চীন এখনো তালিকার বাইরে থাকায় টুর্নামেন্টের বাণিজ্যিক ও প্রচারগত দিক নিয়ে প্রশ্ন উঠছে।

বিশ্বের মোট জনসংখ্যার বড় একটি অংশ এই দুই দেশে বসবাস করে। ফলে শেষ পর্যন্ত এই দেশগুলোর দর্শকরা বিশ্বকাপ উপভোগ করতে পারবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..