গরম-বজ্রপাত-দাবানল: বিশ্বকাপে ফুটবলের চেয়েও বড় প্রতিপক্ষ প্রকৃতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৪:১৫:২৩ |
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। তবে দলগুলোর প্রস্তুতির পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে উত্তর আমেরিকার বৈরী আবহাওয়া। তীব্র গরম, বজ্রপাত এবং দাবানলের ধোঁয়া—সব মিলিয়ে এবারের আসরে প্রকৃতি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর অনেক শহরেই গ্রীষ্মকালে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে, যা অনেক সময় ৪০ ডিগ্রিও ছাড়িয়ে যায়। এর সঙ্গে আর্দ্রতা যুক্ত হলে শরীরের পক্ষে স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখা কঠিন হয়ে পড়ে, ফলে খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়।

গবেষণায় দেখা গেছে, ১৬টি আয়োজক শহরের মধ্যে ১৪টিতেই বিকেলের দিকে তাপীয় চাপের মাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। বিশেষ করে মায়ামি, হিউস্টন, ডালাস, মনটেরি, কানসাস সিটি, আটলান্টায় পরিস্থিতি আরও কঠিন হতে পারে। এই ঝুঁকি মাথায় রেখে ফিফা প্রতিটি হাফে তিন মিনিটের কুলিং ব্রেক চালু করেছে।

বজ্রপাতের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হচ্ছে। নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ১০ মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা অন্তত ৩০ মিনিট বন্ধ থাকবে। এর আগে এমন পরিস্থিতিতে ম্যাচ দেরিতে শুরু হওয়ার ঘটনাও রয়েছে। মায়ামি, হিউস্টন, আটলান্টার মতো শহরে হঠাৎ বজ্রঝড় হওয়া অস্বাভাবিক নয়।

দাবানলও বড় উদ্বেগের কারণ। উত্তর আমেরিকায় আগেভাগেই দাবানলের মৌসুম শুরু হয়েছে। এর ধোঁয়া দূরের শহরগুলোতেও ছড়িয়ে পড়ে বাতাসের মান খারাপ করতে পারে। অতীতে দূষিত বাতাসের কারণে খেলা বাতিলের নজির রয়েছে। ফিফা জানিয়েছে, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী তাৎক্ষণিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

এই পরিস্থিতির প্রভাব শুধু খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। গ্যালারিতে থাকা দর্শকরাও চরম গরমে ভোগান্তিতে পড়তে পারেন। আবার ঝড় বা বজ্রপাতের কারণে খেলা বিলম্বিত হলে যাতায়াত ও থাকার ব্যবস্থায় জটিলতা তৈরি হতে পারে।

আগামী ১৯ জুলাই নিউ ইয়র্কে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে সময় সেখানে তাপপ্রবাহের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিছু স্টেডিয়ামে ছাদ ও শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলেও উন্মুক্ত ভেন্যুগুলোতে আবহাওয়া বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..