এপ্রিলে ১ লাখ ১৫ হাজার কর্মসংস্থান তৈরি যুক্তরাষ্ট্রে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৩:৪৪:১৪ |
যুক্তরাষ্ট্রে গত এপ্রিলে নতুন করে ১ লাখ ১৫ হাজার কর্মসংস্থান যুক্ত হয়েছে।

এ সংখ্যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে অনেক বেশি । একই সময় দেশটিতে বেকারত্বের হার ৪ দশমিক ৩ শতাংশে স্থিতিশীল রয়েছে। খবর দ্য গার্ডিয়ান।

অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন, এপ্রিলে বড়জোর ৫৫ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রে। কিন্তু হোয়াইট হাউজের মুখপাত্র কুশ দেশাই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এপ্রিলের কর্মসংস্থানের প্রতিবেদন প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।

ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস জানায়, কর্মসংস্থান বাড়ার এ ধারা মূলত স্বাস্থ্যসেবা, পরিবহন, খুচরা বাণিজ্য ও সামাজিক সহায়তা খাতের ওপর ভর করে এসেছে। গত মাসে শুধু চারটি খাতেই এক লাখ ছয় হাজার নতুন চাকরি তৈরি হয়েছে। তবে এ সময় পেশাদার সেবা খাতে আট হাজার চাকরি কমেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। এর মধ্যে শুল্ক বৃদ্ধি, সরকারের কর্মী ছাঁটাই ও অভিবাসন নীতির পরিবর্তনের মতো বিষয়গুলো যুক্তরাষ্ট্রের শ্রমবাজারকে অস্থিতিশীল করে তুলেছে।

সরকারি তথ্যে দেখা গেছে, ২০২৪ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কর্মসংস্থান প্রায় ৩ লাখ ৪৮ হাজার কমেছে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতেও কর্মী ছাঁটাইয়ের খবর পাওয়া গেছে।

বেসরকারি চিপ নির্মাতা প্রতিষ্ঠান এডিপি জানায়, গত বছরের জানুয়ারির পর বেসরকারি খাতে কর্মসংস্থান বাড়ার এটিই সবচেয়ে বড় হার। এপ্রিলে বেসরকারি খাতে এক লাখ নয় হাজার চাকরি যুক্ত হয়েছে। এডিপির প্রধান অর্থনীতিবিদ ড. নেলা রিচার্ডসন বলেন, ‘বড় কোম্পানিগুলোর কাছে বিনিয়োগ করার মতো সম্পদ আছে। অন্যদিকে ছোট প্রতিষ্ঠান অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। তবে মাঝারি মানের প্রতিষ্ঠানগুলোয় কিছুটা স্থবিরতা দেখা যাচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) গত মাসে সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। সংস্থাটি উচ্চ মূল্যস্ফীতি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার পাশাপাশি ধীরগতির কর্মসংস্থান বাড়াতে নজর দিচ্ছে।

এপ্রিলের প্রতিবেদনের পাশাপাশি আগের মাসগুলোর তথ্যেও কিছু পরিবর্তন আনা হয়েছে। মার্চে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮৫ হাজার চাকরি যুক্ত হয়েছিল, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল। কিন্তু গত ফেব্রুয়ারিতে দেশটি ১ লাখ ৫৬ হাজার কর্মসংস্থান হারিয়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই বড় ধরনের সংকোচন দেখা দেয়। বর্তমান অস্থির সময়ে ১ লাখ ১৫ হাজার নতুন চাকরি মার্কিন অর্থনীতির জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..