মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সংযুক্ত আরব আমিরাতে ডিজনিল্যান্ড থিম পার্ক নির্মাণের কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে আবুধাবিতে অবস্থিত মেগা প্রকল্পটির কাজ থামছে না বলে নিশ্চিত করেছে বিশ্বখ্যাত বিনোদন সংস্থা ওয়াল্ট ডিজনি। কোম্পানিটি জানিয়েছে, তাদের এ প্রকল্পের ‘কৌশলগত যুক্তি’ ও দীর্ঘমেয়াদি লক্ষ্য এখনো অপরিবর্তিত রয়েছে। দ্য ন্যাশনাল।
সম্প্রতি শেয়ারহোল্ডারদের কাছে লেখা এক চিঠিতে ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জশ ডি’আমারো এ তথ্য নিশ্চিত করেছেন। কোম্পানির সর্বশেষ প্রান্তিকের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের সময় তিনি জানান, থিম পার্কের মতো বড় প্রকল্পগুলো সাধারণত দীর্ঘমেয়াদি হয়। বর্তমান আঞ্চলিক সংঘাতের কারণে আবুধাবি প্রকল্পের গুরুত্ব কমে যায়নি। বরং এ বিনিয়োগের ফলে দীর্ঘমেয়াদে ব্যবসায়িক সুফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এটি ছিল প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে ডিজনির পক্ষ থেকে দেয়া সবচেয়ে স্পষ্ট ঘোষণা।
আবুধাবিতে নির্মিত এ রিসোর্ট হবে বিশ্বজুড়ে ডিজনির সপ্তম থিম পার্ক এবং মধ্যপ্রাচ্যে প্রথম। প্রকল্পটি বাস্তবায়নে আবুধাবির সরকারি প্রতিষ্ঠান মিরালের সঙ্গে অংশীদারত্ব করেছে ডিজনি। উল্লেখ্য, মিরাল এর আগে ইয়াস আইল্যান্ডে ফেরারি ওয়ার্ল্ড এবং ওয়ার্নার ব্রাদার্স ওয়ার্ল্ডের মতো জনপ্রিয় ও বিখ্যাত সব পর্যটন কেন্দ্র নির্মাণ করেছে।
চুক্তি অনুযায়ী, ‘ক্যাপিটাল-লাইট’ বা স্বল্প-পুঁজি মডেলে এ প্রকল্প পরিচালিত হবে। এর অর্থ হলো রিসোর্টটির নির্মাণ ব্যয় ও পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব থাকবে মিরালের ওপর। অন্যদিকে ডিজনি এর সৃজনশীল উন্নয়নের বিষয়টি তদারকি করবে এবং রয়্যালটি সুবিধা পাবে। জশ ডি’আমারো এ রিসোর্টকে ডিজনির এ পর্যন্ত নির্মিত সবচেয়ে ‘উন্নত ও ইন্টারেক্টিভ’ পার্ক হিসেবে বর্ণনা করেছেন। তবে প্রকল্পটির পূর্ণ রূপ পেতে আরো কয়েক বছর সময় লাগবে। সাধারণত এমন একটি বড় প্রকল্প নকশা করতেই দুই বছর সময় লাগে।
পার্কটি ঠিক কোথায় নির্মাণ হবে, সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ডিজনির সাবেক প্রধান নির্বাহী বব আইগার গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, তিনি ইয়াস আইল্যান্ডের একটি জনশূন্য এলাকায় দাঁড়িয়ে আছেন। ছবিগুলো বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ধারণা করছেন, শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান হাইওয়ের পাশে ইয়াস আইল্যান্ডের উত্তর প্রান্তেই গড়ে উঠবে এ ডিজনিল্যান্ড।
এ জাতীয় আরো খবর..