✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-০৯, | ১৭:৪৪:৪২ |বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভারতীয় ব্যাটার রোহিত শর্মা। তবে মাঠের বাইরেও এক অস্বস্তিকর ঘটনার মুখোমুখি হতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ককে। এক ভক্তের সেলফির আবদারের মাঝেই তার হাতের দামী ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের গাড়িতে বসে কয়েকজন ভক্তের সঙ্গে কথা বলছিলেন রোহিত। এ সময় তিনি ভক্তদের দিকে হাত নেড়ে শুভেচ্ছাও জানান। পরে এক ভক্ত সেলফি তোলার অনুরোধ করলে হাসিমুখেই তাতে সাড়া দেন ভারতীয় এই তারকা।
কিন্তু সেলফি তোলার সময়ই ঘটে বিপত্তি। ছবির অজুহাতে এক ভক্ত গাড়ির খুব কাছে চলে যান। রোহিত যখন মোবাইলের ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন, তখনই ওই ব্যক্তি তার হাতে থাকা আড়াই কোটি টাকা মূল্যের রোলেক্স জিরাফ ঘড়িটি টেনে নেওয়ার চেষ্টা করেন।
তবে দ্রুত বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেন রোহিত। এরপর ওই ভক্তের প্রতি ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় তাকে। পরে বিরক্ত হয়ে গাড়ির জানালা বন্ধ করে দেন ভারতীয় এই ব্যাটার।
চলমান আইপিএলে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। সেখানে তিনি ২২১ রান করেছেন। তার ব্যাটিং গড় ৫৫ দশমিক ২৫ এবং আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান তুলেছেন ১৭৪ দশমিক ০১ গতিতে।