✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-০৯, | ১৪:১৩:৩৯ |জয়ের জন্য দলের প্রয়োজন মাত্র দুই রান, আর ফিন অ্যালেনের সেঞ্চুরির জন্য চাই একটি ছক্কা। মুকেশ কুমারের ডেলিভারিটি ডিপ মিডউইকেটের ওপর দিয়ে সীমানা ছাড়া করেন কিউই হার্ডহিটার। তার বিস্ফোরক ইনিংসে দিল্লি ক্যাপিটালসকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুক্রবার ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে তিনবারের চ্যাম্পিয়নরা। ৪৭ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসে অ্যালেন হাঁকান ১০টি ছক্কা ও ৫টি চার। এটি আইপিএলে তার প্রথম সেঞ্চুরি এবং টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম।
চলতি ২০২৬ সালেই এটি তার তৃতীয় টি-টোয়েন্টি শতক, যার আগে তিনি বিগ ব্যাশ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন অঙ্কের দেখা পেয়েছিলেন। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ক্যালেন্ডার বছরে তিনটি টি-টোয়েন্টি সেঞ্চুরি করার অনন্য রেকর্ডও গড়লেন তিনি।
কলকাতার হয়ে এর আগে ব্রেন্ডন ম্যাককালাম, ভেঙ্কাটেশ আইয়ার ও সুনীল নারাইন সেঞ্চুরি করলেও অ্যালেনই এখন ফ্র্যাঞ্চাইজিটির দ্রুততম সেঞ্চুরিয়ান। ম্যাককালামের ৫৩ এবং আইয়ার-নারাইনের ৪৯ বলের রেকর্ড ভেঙে মাত্র ৪৭ বলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। বিশেষ করে দিল্লির স্পিনারদের ওপর চড়াও হয়ে ৩১ বলে ৭৩ রান তোলেন তিনি। কুলদীপ যাদব ও ভিপরাজ নিগামের ওভারে একের পর এক ছক্কা হাঁকিয়ে ম্যাচটিকে একপেশে করে তোলেন এই কিউই তারকা।
এবারের আসরে নিজের আগের ছয় ম্যাচেই পাওয়ার প্লে-র মধ্যে আউট হওয়া অ্যালেনকে নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে দিল্লির বিপক্ষে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে নেমে সব আক্ষেপ ঘুচিয়েছেন তিনি। ১৬তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে যখন সেঞ্চুরি পূর্ণ করলেন, ততক্ষণে দিল্লির বোলাররা পুরোপুরি দিশেহারা। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এবার কলকাতার জার্সিতে নিজের জাত চিনিয়ে দলের জয়ের নায়ক হলেন ফিন অ্যালেন।