আইসিসির মাসসেরার তালিকায় নাহিদ রানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৮, | ২১:৪৭:৩১ |

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। দুর্দান্ত বোলিং নৈপুণ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আলোচনায় আসেন এই গতিতারকা।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। পুরো সিরিজে ৮ উইকেট শিকার করেন ২৩ বছর বয়সী নাহিদ। তার ইকোনমি ছিল ৪ দশমিক ৪৬। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

বিশেষ করে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে আগুনঝরা বোলিং করেন নাহিদ। মাত্র ৩২ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি। সেই ম্যাচে ৫৫ রানের বড় জয় পায় বাংলাদেশ। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত শেষ ম্যাচেও দুটি উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার।

পুরুষ বিভাগের সংক্ষিপ্ত তালিকায় নাহিদের সঙ্গে জায়গা পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বাঁহাতি পেসার অজয় কুমার। এপ্রিল মাসে তিনি ৯ উইকেট শিকার করে নজর কাড়েন। নেপালের বিপক্ষে ৩৪ রানে ৩ উইকেট এবং ওমানের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি।

এদিকে নারী বিভাগের সংক্ষিপ্ত তালিকাতেও রয়েছে কয়েকজন তারকা ক্রিকেটারের নাম। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুটি ৬৯ রানের ইনিংস খেলেন। পরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একটি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতক করে দলকে ৪-১ ব্যবধানে সিরিজ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।

শ্রীলঙ্কার ওপেনার ইমেশা দুলানি বাংলাদেশের বিপক্ষে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ সিরিজে ১১৬ রান করে হন সিরিজসেরা। পরে টি-টোয়েন্টি সিরিজেও ৮২ রান করেন তিনি।

অন্যদিকে ব্রাজিলের অলরাউন্ডার লরা কার্ডোসো ব্যাট ও বল দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। টি-টোয়েন্টিতে ২০৩ রান করার পাশাপাশি নিয়েছেন ১৭ উইকেট। লেসোথোর বিপক্ষে অবিশ্বাস্য ৪ রানে ৯ উইকেট নিয়ে সবাইকে চমকে দেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..