অশান্তির আগুনে পুড়ছে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম। জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগার সতীর্থ আলভারো কারেরাসকে চড় মেরেছেন বলে অভিযোগ উঠেছে। স্প্যানিশ রেডিও স্টেশন অন্দা সেরো এই খবর দিয়েছে।
ঘটনাটি ঘটে রিয়াল বেটিসের সঙ্গে ১-১ ড্রের পর। দুই সপ্তাহ আগে ড্রেসিং রুমেই বাগবিতণ্ডা চরম আকার নেয়। এর আগেও একাধিকবার দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল বলে জানা গেছে।
৩৩ বছর বয়সি রুডিগার বেশ কিছুদিন ধরেই মাথা গরম স্বভাবের জন্য আলোচনায় আছেন। এই মৌসুমে গেতাফের লেফটব্যাক দিয়েগো রিকোকে ইচ্ছাকৃতভাবে হাঁটু দিয়ে মাথায় আঘাত করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। বায়ার্ন মিউনিখের রাইটব্যাক জোসিপ স্তানিসিচের প্রতি মন্তব্য নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ঘটনার পর রুডিগার ক্ষমা চেয়েছেন। গত শুক্রবার সতীর্থ এবং তাদের পরিবারদের দুপুরের খাবারে আমন্ত্রণ জানান তিনি।
তবে ঘটনার পর থেকে কারেরাস কোনো ম্যাচে প্রথম একাদশে নেই। বেটিস ও এস্পানিওলের বিপক্ষে ফেরল্যান্ড মেন্ডিকে তার জায়গায় খেলানো হয়। মেন্ডি আহত হলে কোচ আলভারো আরবেলোয়া ফ্রান গার্সিয়াকে মাঠে নামান। বেঞ্চে বসে কারেরাস এটা দেখে বিদ্রুপের হাসি হেসেছেন বলে জানা গেছে। দুটি ম্যাচেই রুডিগার পুরো সময় মাঠে ছিলেন।
এই গ্রীষ্মে রুডিগারের চুক্তি শেষ হচ্ছে। তবে রিয়াল মাদ্রিদ তাকে আরও এক বছরের জন্য রাখতে পারে বলে জানা যাচ্ছে।
এ জাতীয় আরো খবর..