ব্রাজিলে প্রবল বৃষ্টিতে ৬ জনের মৃত্যু, বাস্তুচ্যুত হাজারো মানুষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৩, | ১০:৩৪:১৪ |
উত্তর-পূর্ব ব্রাজিলে টানা দুই দিনের প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। দেশটির পেরনাম্বুকো ও পারাইবা রাজ্য এই অতিবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পেরনাম্বুকো রাজ্যের রাজধানী রেসিফেতে বন্যা ও ভূমিধসে অন্তত দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং নিকটবর্তী ওলিন্ডা শহরে মারা গেছেন আরও দুজন। এই দুর্যোগের কারণে রাজ্যটিতে প্রায় দেড় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে, পারাইবা রাজ্যের জোয়াও পেসোয়া এবং ক্যাম্পিনা গ্রান্দে শহরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার তালিকায় রয়েছে। সেখানে অন্তত দুজনের মৃত্যু ও আরও দেড় হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে।

দুর্যোগের তীব্রতা বিবেচনায় ব্রাজিলের জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বৃষ্টি চলাকালীন ২২টি জরুরি সতর্কতা জারি করে। পেরনাম্বুকো ও পারাইবায় আবহাওয়ার পূর্বাভাস এবং দুর্যোগের ক্ষয়ক্ষতির কারণে সেখানকার পরিচালন স্তম্ভরকে সর্বোচ্চ সতর্কতায় উন্নীত করা হয়েছে। শনিবার বৃষ্টি কিছুটা কমে এলেও জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

পরিস্থিতি মোকাবিলায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও আশ্বস্ত করেন তিনি।

ব্রাজিলে সাম্প্রতিক বছরগুলোতে অতিবৃষ্টি ও বন্যার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। 'ব্রাজিলিয়ান অ্যালায়েন্স ফর ওশান কালচার-এর গত বছরের একটি সমীক্ষায় দেখা গেছে, ১৯৯১ থেকে ২০২৩ সালের মধ্যে দেশটিতে বন্যা ও ভূমিধসসহ বৃষ্টিজনিত দুর্যোগ প্রায় তিনগুণ বেড়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মিনাস গেরাইস রাজ্যে বন্যা ও ভূমিধসে ৬৪ জন এবং ২০২৪ সালে রিও গ্রান্দে দো সুল রাজ্যে ১৮৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে পেত্রোপোলিস ও রেসিফেতে ভয়াবহ বন্যায় তিন শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছিল।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..