দীর্ঘ ১৪ বছর পর সিরিয়ার আল-ইয়ারুবিয়াহ সীমান্ত অতিক্রম করে ইরাকি অপরিশোধিত তেলের একটি বহর সিরিয়ায় প্রবেশ করেছে। মোট ৭০টি তেলের ট্যাঙ্কারের এই বহরটি সিরিয়ার ভূখণ্ড হয়ে ভূমধ্যসাগরীয় উপকূলের বানিয়াস শোধনাগারের দিকে যাচ্ছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এই খবর নিশ্চিত করেছে।
আল-ইয়ারুবিয়াহ সীমান্তের সিরীয় কর্মকর্তা ফেরাস রুস্তম বলেন, ‘১৪ বছর পর এই সীমান্ত পথটি পুনরায় চালু করা ইরাক ও সিরিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার একটি কৌশলগত পদক্ষেপ।’
তিনি আরো জানান, এই সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক ও জ্বালানি সরবরাহ আরো কার্যকর হবে এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব তৈরি হবে।
ইরানের ওপর ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বর্তমানে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে ইরাক তাদের তেল রপ্তানির বিকল্প পথ হিসেবে এই রুটটি বেছে নিয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ইরাকি অংশে ‘রাবিয়া’ নামে পরিচিত এই সীমান্ত পথটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০১৪ সালে এটি আইএস (আইএসআইএল) দখল করে নেয়। দীর্ঘ সময় পর ইরাকি কুর্দি বাহিনী এলাকাটি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে আনলে পথটি আবার সচল হয়।
সূত্র: আল-জাজিরা