অন্যরকম সেঞ্চুরি হাঁকালেন নাহিদা আক্তার। ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় বাঁহাতি এই স্পিনারের।
অভিষেকের পর থেকেই বল হাতে বাংলাদেশ দলের অন্যতম ভরসা নাহিদা আক্তার। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেটে শ্রীলংকার বিপক্ষে ক্যারিয়ারের ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
এদিন টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করে শ্রীলংকা। দলের হয়ে ৩৫ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬১ রান করেন হর্ষিতা সমরবিক্রমা। এছাড়া ৪০ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করেন ইমেশা দুলানি। ৩০ বলে ৩২ রান করেন অধিনায়ক চামারি আতাপাত্তু।
বাংলাদেশ দলের হয়ে দুই উইকেট নেন সুলতানা খাতুন। একটি করে উইকেট নেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার। নাহিদা ৪ ওভারে ২৬ রান দিয়ে এক উইকেট শিকার করেন নাহিদা।
১০০ টি-টোয়েন্টিতে নাহিদার উইকেট ১১৬টি। বাংলাদেশি মেয়েদের মধ্যে যেটি সর্বোচ্চ। ইনিংসে ৫ উইকেট আছে দুবার। সেরা সাফল্য ৮ রানে ৫ উইকেট। ২০২৩ সালে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে এই বোলিং ফিগার দাঁড় করান ২৬ বছর বয়সী নাহিদা।
শ্রীলংকার করা ১৬১ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ২৫ রানের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে যায় শ্রীলংকা।
এ জাতীয় আরো খবর..