ফুটবল ভক্তদের জন্য আজ এক বিশেষ রাত। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে জমজমাট এক লড়াই পার্ক দেস প্রিন্সেসে মুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বায়ার্ন মিউনিখ।
আজ রাত ১টায় প্যারিসে লড়াইয়ের মঞ্চে নামবে দুদল। কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় পিএসজি।
অন্যদিকে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা রুখে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে জার্মান জায়ান্টরা।
পিএসজির দিজিরে দুয়ে ও নুনো মেন্দেস চোট কাটিয়ে ফিরেছেন। তবে দলের ‘প্রাণ ভোমরা’ ভিতিনিয়ার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। অন্যদিকে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে থাকছেন না।
ইনজুরির কারণে সার্জ গ্ন্যাব্রি, টম বিশফ ও স্টিভেন উলরাইখকে পাচ্ছে না বায়ার্ন। তবে জশুয়া কিমিখ ও দায়ো উপামেকানো ফিরছেন দলে। আর আক্রমণের মূল ভরসা হিসেবে থাকছেন হ্যারি কেইন।
লিগ আঁতে কিছুটা বাজে ফর্মে থাকলেও চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে পিএসজি।
লুইস এনরিকের দল টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে, যেখানে চেলসি ও লিভারপুলের বিপক্ষেই গেল দুই রাউন্ডে করেছে ১২ গোল। টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে উঠে নতুন ইতিহাসও গড়েছে ফরাসি ক্লাবটি। এবার তাদের সামনে চ্যাম্পিয়নস লিগে ১০০তম জয়ের মাইলফলক। এই কীর্তি গড়তে পারলে ফরাসি ক্লাব হিসেবে প্রথম হবে পিএসজি।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় পিএসজির প্রথম জয়টিও এসেছিল বায়ার্ন মিউনিখের বিপক্ষেই।
ক্লাব বিশ্বকাপে বাভারিয়ানদের বিপক্ষে শেষ বারের মতো মুখোমুখি হয়েছিল ফরাসি জায়ান্টরা। ম্যাচটি অনায়াসে ২-০ ব্যবধানে জিতে নিয়েছিল এনরিকের দল।
এবারের ঘরোয়া লিগে শিরোপার খুব কাছাকাছি পিএসজি। চার ম্যাচ বাকি থাকতে শীর্ষে থেকে ছয় পয়েন্ট এগিয়ে রয়েছে তারা।
টেলিভিশনে ফুটবল ভক্তরা ম্যাচটি দেখতে পারবেন সনি স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া মোবাইল থেকে সনি লিভ এপে সরাসরি দেখা যাবে ম্যাচটি।
এ জাতীয় আরো খবর..