মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত, দেশজুড়ে সমন্বিত হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ২০:৩২:১৬ |
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সমন্বিত সশস্ত্র হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তার বাসভবনে আত্মঘাতী গাড়িবোমা হামলার পর এ ঘটনা ঘটে।

এর আগের দিন রাজধানী বামাকোর কাছাকাছি সামরিক গ্যারিসন শহর কাটিতে তার বাসভবনে হামলা চালায় আল-কায়েদা সংশ্লিষ্ট সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন এবং তুয়ারেগ বিদ্রোহী গোষ্ঠী আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট।

শহরটি রাজধানী থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি দেশটির অন্যতম সুরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত।

জেনারেল কামারা ২০২০ ও ২০২১ সালের ধারাবাহিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সামরিক সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তাকে ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবেও দেখা হচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আল জাজিরার সাংবাদিক নিকোলাস হাক জানান, হামলার সময় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আসসিমি গইতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং তিনি বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছেন। তিনি এখনো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছেন।

এদিকে, রাজধানী বামাকো ছাড়াও গাও, কিদাল এবং সেভারে শহরসহ দেশের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানানো হয়েছে, কিদাল অঞ্চলে এখনো ভারী গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। হামলার ২৪ ঘণ্টা পরও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

নিরাপত্তা বিশ্লেষক বুলামা বুকার্তি বলেন, সামনের দিনগুলোতে গুরুত্বপূর্ণ এলাকা দখলকে কেন্দ্র করে আরও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তিনি উল্লেখ করেন, আগে পরস্পর বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো এখন যৌথভাবে মালির রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

এ হামলার ঘটনায় আফ্রিকান ইউনিয়ন, ইসলামিক সহযোগিতা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের আফ্রিকাবিষয়ক দপ্তর তীব্র নিন্দা জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..