ভনের মন্তব্য

কোহলির চেয়ে জো রুট ভালো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ১৩:৪৪:৪৩ |
ক্রিকেট বিশ্বে আবারও আলোচনার কেন্দ্রে ব্যাটিং সৌন্দর্যের তুলনা। বিরাট কোহলি ও জো রুট—এই দুই তারকাকে ঘিরে বিতর্ক উসকে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তিনি দাবি করেছেন, রুটকে দেখা কোহলির চেয়েও বেশি উপভোগ্য।

ঘটনার সূত্রপাত ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংসের একটি সামাজিকমাধ্যম পোস্ট থেকে।

বর্তমানে পিএসএলে খেলা এই উইকেটকিপার-ব্যাটার প্রশ্ন তুলেছিলেন, পূর্ণ ছন্দে বিরাট কোহলিকে দেখার চেয়ে উপভোগ্য কিছু আছে কি না।
এই মন্তব্য আসে কোহলির দুর্দান্ত এক ইনিংসের পর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে নেমে তিনি ৪৪ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ২০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে দলকে এগিয়ে দেন। যদিও শেষ পর্যন্ত হোল্ডারের বলে বোল্ড হয়ে ফেরেন, ততক্ষণে ম্যাচ প্রায় নিশ্চিত হয়ে যায়।

এই পোস্টের জবাবে ভন খানিকটা রসিকতা করেই লিখেন, ‘হ্যাঁ, জো রুট’—সঙ্গে ছিল একটি উইঙ্কিং ইমোজি। তার এই মন্তব্যই মুহূর্তেই সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি করে। অনেক ভক্ত ভনের সমালোচনা করেন, আবার কেউ কেউ তার সঙ্গে একমত পোষণ করেন, বিশেষ করে টেস্ট ক্রিকেটে জো রুটের ব্যাটিং নৈপুণ্য আলাদা মাত্রা যোগ করে বলে মত দেন তারা। সামাজিক মাধ্যমে একজন ব্যবহারকারী মজার ছলে একটি ছবি শেয়ার করে লেখেন, ‘জো রুটকে কোহলিকে উপভোগ করতে দেখা, এটাই সবচেয়ে উপভোগ্য!’

এই বিতর্ক এমন সময়ে সামনে এলো, যখন রুট টেস্ট ক্রিকেটে নিজের অবস্থান আরো মজবুত করছেন আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটার হিসেবে।

অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার পরও কোহলি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে যাচ্ছেন।

বর্তমানে টুর্নামেন্টে সাত ইনিংসে ৩২৮ রান করে ‘অরেঞ্জ ক্যাপ’ তালিকায় শীর্ষে রয়েছেন কোহলি। তার ১৬৩.১৮ স্ট্রাইক রেট প্রমাণ করছে, ক্যারিয়ারের এই পর্যায়েও তিনি কতটা ভয়ংকর ব্যাটার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..