একনেক বৈঠক: অনুমোদনের অপেক্ষায় ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ১০:৫৫:৩৮ |
চলতি অর্থবছরের দশম এবং বর্তমান সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক আজ রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠিত বৈঠকটির সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হবে, যেগুলোর বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে প্রায় সাত হাজার কোটি টাকা। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি-পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প উপস্থাপন করা হবে।

এর আগে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠকে ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রকল্প অনুমোদন করা হয়। ওই বৈঠকে মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও সময় স্বল্পতার কারণে আটটি প্রকল্প নিয়ে আলোচনা শেষে সভা স্থগিত করা হয়।

এর মধ্যে ছয়টি প্রকল্প অনুমোদিত হয় এবং দুটি প্রকল্প পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়। অবশিষ্ট প্রকল্পগুলো নিয়েই আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হলেও এবার সেই ধারা ভেঙে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ভেন্যু পরিবর্তনের নির্দিষ্ট কারণ জানানো না হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, প্রধানমন্ত্রীর ব্যস্ততা এবং সচিবালয়কেন্দ্রিক কার্যক্রম পরিচালনার সুবিধার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..