এল ক্লাসিকোতে নিষেধাজ্ঞার শঙ্কা নিয়ে মাইলফলকের ম্যাচে এমবাপে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৪, | ১৮:১২:৩১ |
রিয়াল মাদ্রিদের জার্সিতে মাইলফলক ছুঁতে যাচ্ছেন কিলিয়ান এমবাপে। আজ (শুক্রবার) রাতে রিয়াল বেতিসের বিপক্ষে মাদ্রিদ ক্লাবের হয়ে শততম ম্যাচ খেলতে নামবেন তিনি।

লা কার্তুজা স্টেডিয়ামে এমবাপেকে সংযত আচরণ করতে হবে। কারণ একটি হলুদ কার্ড পেলে বার্সেলোনার বিপক্ষে ১০ মে এল ক্লাসিকোতে নিষিদ্ধ হবেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড।

লা লিগায় ইতোমধ্যে চারটি হলুদ কার্ড দেখেছেন এমবাপে। মাদ্রিদের আক্রমণভাগের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ২০২৪ সালের জুনে লস ব্লাঙ্কোদের সঙ্গে যুক্ত হন। ফ্রান্সের অধিনায়ক ৮৫ গোল করেছেন, অ্যাসিস্ট ২৩টি।

২০১৮ সালের বিশ্বকাপ জয়ী এমবাপে টানা দ্বিতীয় মৌসুমে লা লিগার শীর্ষ গোলদাতা হতে চলেছেন। তার গোল ২৪টি, মায়োর্কার ভেদাত মুরিকির চেয়ে তিনটি বেশি।

ব্যক্তিগত পারফরম্যান্সে মাঠ কাঁপালেও এমবাপের দলগত সাফল্য তেমন একটা নেই। বার্নাব্যুতে আসার পর কেবল উয়েফা সুপার কাপ ও আন্তঃমহাদেশীয় কাপে ট্রফি জিতেছেন, দুটোই ২০২৪ সালে। দুটি ফাইনালে গোল করেছিলেন সাবেক পিএসজি তারকা। 

কিন্তু টানা দুটি মৌসুম ট্রফি ছাড়া শেষ করতে হচ্ছে তাকে। ছয় ম্যাচ হাতে রেখে লা লিগার শীর্ষ দল বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পেছনে তারা। এছাড়া ইউরোপ থেকে বিদায়ও নিয়েছে। 

এমবাপে স্পেনে আসার পরপরই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছে। কিন্তু রেকর্ড চ্যাম্পিয়ন মাদ্রিদে এসে সেই স্বপ্ন অধরা থেকেছে। বায়ার্ন মিউনিখের কাছে হেরে এমবাপে বলেছিলেন, ‘এমন একটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা থেকে বাদ পড়া হতাশার। কিন্তু আমাদের সামনে তাকাতে হবে। আবারো এই ধরনের হতাশার মুখে না পড়তে আামাদের নিজেদের দিকে কঠোর দৃষ্টিতে তাকাতে হবে। আমরা কখনো হাল ছাড়ব না। মাদ্রিদে ব্যর্থতা কখনো বিকল্প ছিল না, হবেও না। কিন্তু আমি একটি ব্যাপারে কথা দিচ্ছি: আমরা আবারো জিততে শুরু করব এবং শিগগিরই।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..