মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের শারমিন আক্তার ও সোবহানা মোস্তারির। বোলারদের তালিকায় উন্নতি হয়েছে পেসার মারুফা আক্তারের।
মেয়ে ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ৫৮২ রেটিং নিয়ে ২২তম স্থানে উঠেছেন শারমিন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন তিনি।
রাজশাহীতে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন শারমিন। ১৩টি চারে ১২৭ বলে ৮৬ রান করেন তিনি।
আট ধাপ উন্নতি হয়েছে সোবহানার। ৪৪৯ রেটিং নিয়ে ৫০তম স্থানে আছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৬টি চারে ৫৬ বলে ৪১ রান করে আহত অবসর নেন সোবহানা।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৮ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন মারুফা। ৯ ধাপ উন্নতিতে ৪৪তম স্থানে উঠেছেন এই ডান-হাতি পেসার। মারুফার রেটিং ৩৯৬।
বোলারদের র্যাঙ্কিংয়ে আরও উন্নতি হয়েছে নাহিদা আক্তার ও রাবেয়া খানের। এক ধাপ করে এগিয়ে নাহিদা ১৩ এবং রাবেয়া ২০তম স্থানে উঠেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে নাহিদা ৩৮ রানে ২ এবং রাবেয়া ৩১ রানে ১ উইকেট শিকার করেন। বাংলাদেশের বোলারদের সবার উপরে আছেন নাহিদা।
নারীদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ৭৯০ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতের স্মৃতি মান্ধানা। বোলারদের তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং। তার রেটিং ৭৫৩।
৪৯৭ রেটিং নিয়ে অলরাউন্ডারদের তালিকায় সবার উপরে আছেন আরেক অস্ট্রেলিয়ান অ্যাশলি গার্ডনার।
সূত্র: বাসস