ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২১, | ১৬:৩২:০২ |
ইরানের সঙ্গে যুদ্ধে আহত মার্কিন সেনাদের নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। নতুন হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৪১৫ মার্কিন সেনা আহত হয়েছেন।

পেন্টাগন বলছে, আহতদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক সদস্য সেনাবাহিনীর। এ বাহিনীর ২৭১ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া নৌবাহিনীর ৬৩, বিমানবাহিনীর ৬২ এবং ১৯ মেরিন সেনা রয়েছেন।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মার্কিন সামরিক বাহিনীতেও হতাহতের ঘটনা বাড়ছে। পেন্টাগন নিয়মিতভাবে তাদের এ ক্ষতির হিসাব হালনাগাদ করছে।

গত ৮ এপ্রিল (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৭ এপ্রিল সন্ধ্যা) থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে, যা শেষ হবে ২২ এপ্রিল বুধবার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন দিন পর শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা; কিন্তু ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো প্রকার চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক। আর দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..