সর্বশেষ :

ইতালির কোচ হতে আগ্রহী নন অ্যালেগ্রি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১৮:০২:৫৫ |
ইতালি জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে আগ্রহী নন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। একইসঙ্গে এসি মিলানের কোচ হিসেবে সিরি-আ ক্লাবটিতেই তিনি থাকতে চান।

ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ায় এই মাসের শুরুর দিকে জেনারো গাত্তুসো পদত্যাগ করার পর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যালেগ্রির নাম উঠে আসে। নাপোলির কোচ অ্যান্টোনিও কন্তের সঙ্গে তাকে অন্যতম প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

রোববার সিরি-আ লিগে ভেরোনার বিপক্ষে ম্যাচের আগে অ্যালেগ্রি সাংবাদিকদের বলেন, “আমার ক্যারিয়ারই সব বলে দেয়, ঘন ঘন কাজ পরিবর্তন করা আমার স্বভাবের মধ্যে নেই।”
৫৮ বছর বয়সী অ্যালেগ্রি প্রথম মেয়াদে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মিলানের কোচ ছিলেন। এরপর তিনি জুভেন্তাসে যোগ দেন, যেখানে পাঁচ বছর অত্যন্ত সফল সময় কাটান। ২০২১ সালে বিরতির পর তিনি আবার কোচিংয়ে ফিরে জুভেন্তোসে যোগ দেন, তবে তিন বছর পর তাকে বরখাস্ত করা হয়।



অ্যালেগ্রি আরও বলেন, “আমি এমন একটি ক্লাবে কাজ করতে পছন্দ করি যেটি একটি ব্যবসা হিসেবে পরিচালিত হয়। প্রতিটি ক্লাবের এভাবেই পরিচালিত হওয়া উচিত। আমি কাজ করতে এবং উন্নতি দেখতে পছন্দ করি। আমরা দুই বছরের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারব না, কিন্তু সেই লক্ষ্য থাকা দরকার। কারণ ভবিষ্যৎ নিযয় ভাবনা না থাকলে আপনি অতীতেই আটকে থাকবেন। আমরা নিয়মিত যোগাযোগে আছি। গ্রীষ্মকালীন দলবদল নিয়ে আমি আমার পরামর্শ দিয়েছি এবং ক্লাব কর্তৃপক্ষ সেই অনুযায়ী কাজ করবে।”

গত গ্রীষ্মে মিলানের দায়িত্ব নেওয়া অ্যালেগ্রি বর্তমানে দলকে সিরি-আ লিগের তৃতীয় স্থানে ধরে রেখেছেন। মিলান চ্যাম্পিয়ন্স লিগে খেলার পথে রয়েছে। পঞ্চম স্থানে থাকা কোমোর থেকে মিলান পাঁচ পয়েন্ট এগিয়ে থাকলেও, শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..