পদোন্নতি বঞ্চিত স্বাস্থ্য ক্যাডারদের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩১, | ১৯:৫২:২১ |
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ের ভেতরে ৫ নম্বর ফটকের পাশে অবস্থানরত বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে এই আশ্বাস দেন তিনি।

এর আগে, ৫ নম্বর ফটকের পাশে বিভিন্ন দাবি দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বঞ্চিত চিকিৎসকরা। সচিবালয় ত্যাগ করার জন্য গাড়িতে ওঠার আগমুহূর্তে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের কাছে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় প্রতিনিধি দল তাদের দাবি সংক্ষিপ্ত আকারে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।

তারা সরাসরি তাদের দাবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। কোনো আনুষ্ঠানিকতা না দেখিয়ে, অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তাদের আবেদন গ্রহণ করেন। পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। এসময় তারা প্রশাসনিক বৈষম্য, পদোন্নতি জটিলতা এবং মানবিক সংকটের বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর নজরে আনেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী খুব মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাসও দেন। দীর্ঘদিন ধরে বঞ্চিত হওয়ার নানাবিধ অভিযোগ সম্বলিত তাদের লিখিত আবেদনটি সেসময় গ্রহণও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বরাবর সেই আবেদনপত্র অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ১ হাজার ৮২১ জন কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার অভিযোগ করে আসছেন। তাদের দাবি, প্রয়োজনীয় যোগ্যতা, জ্যেষ্ঠতা এবং সব শর্ত পূরণ করা সত্ত্বেও বিগত অন্তর্বর্তী সরকারের আমলে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদের পদোন্নতি দেওয়া হয়নি। এতে করে প্রশাসনিক কাঠামোয় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে অনেক জুনিয়র কর্মকর্তা পদোন্নতি পেয়ে সিনিয়রদের ওপর দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..