ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ফ্রান্সের যুদ্ধ নয়। আমাদের অবস্থান সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি জানান, ফ্রান্স কোনো আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে না। বরং কূটনৈতিক সমাধানের পথেই জোর দিচ্ছে।
ফরাসি গণমাধ্যম ইউরোপ ১ ও সি-নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে ভট্রিন বলেন, ‘আমাদের লক্ষ্য হলো কূটনৈতিক পথকে সহজ করা, যাতে করে এ অঞ্চলে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি না পায়।’
তিনি আরও বলেন, ‘এই কূটনৈতিক উদ্যোগই একমাত্র উপায় যা শান্তি ফিরিয়ে আনতে পারে।’
এদিকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অবরোধ প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, এই পরিস্থিতিতে বহু দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দ্রুত একটি কার্যকর সমাধান খুঁজে বের করা জরুরি।
ফ্রান্সের এই অবস্থান মধ্যপ্রাচ্যে সংঘাত এড়াতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বকেই আরও জোরালোভাবে তুলে ধরেছে।