✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৫, | ০১:৫৯:২৯ |সেঞ্চুরি করতে শাই হোপের প্রয়োজন ১০ রান। বল বাকি মাত্র ২টি। নিতিশ কুমার রেড্ডির পরপর দুই বলে ছক্কা মেরে দিলেন হোপ। চমৎকার এক শতকের দেখা পেয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। একইসঙ্গে ক্রিস গেইলকে ছাড়িয়ে গড়লেন রেকর্ড।
হায়দরাবাদে বুধবার ভারতের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ৫০ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হোপ। চলতি সিরিজে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। আর সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় শতক করলেন উইকেটকিপার-ব্যাটার।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন হোপ। ৭৪ ম্যাচ ও ৭২ ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছেন তিনি।
অবসরের আগে ৭৯ ম্যাচ ও ৭৫ ইনিংসের ক্যারিয়ারে দুইটি সেঞ্চুরি করেছিলেন গেইল। এছাড়া এভিন লুইস ৬৭ ম্যাচের ৬৬ ইনিংস ব্যাট করে পেয়েছিলেন দুটি সেঞ্চুরির স্বাদ। তাদের দুজনকেই টপকে গেলেন হোপ।
ভারতের বিপক্ষে চলতি সিরিজেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৫ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে অবিস্মরণীয় জয় এনে দিয়েছিলেন হোপ। চার দিন পর চতুর্থ ম্যাচে ৫০ বলে ঠিক ১০২ রানেই অপরাজিত রইলেন তিনি।
হোপের সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ২৪৭ রানের বড় সংগ্রহ দাঁড় করেছে ওয়েস্ট ইন্ডিজ।
গত বছর জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরির ম্যাচে ৫৭ বলে ঠিক ১০২ রান করেই অপরাজিত ছিলেন হোপ।
এছাড়া দ্বিপাক্ষিক সিরিজে একাধিক সেঞ্চুরি করা বিশ্বের পঞ্চম ব্যাটার হয়েছেন হোপ। তার আগে এই কীর্তি ছিল ইংল্যান্ডের ফিল সল্ট, ভারতের সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মা এবং স্পেনে মোহাম্মদ ইহসানের।