মধ্যপ্রাচ্য ইস্যুতে সৌদি যুবরাজকে জেলেনস্কির সহযোগিতার প্রস্তাব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৭, | ১৯:০৭:২৫ |
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানি ড্রোন থেকে সুরক্ষা নিশ্চিত করতে সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ক্রাউনপ্রিন্স জেলেনস্কির প্রস্তাবে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়াও দিয়েছেন।

এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, আজ বুধবার অঘোষিত এক সফরে সৌদির উপকূলীয় শহর জেদ্দায় এসে পৌঁছান জেলেনস্কি। সেখানে ক্রাউনপ্রিন্স তাকে স্বাগত জানান এবং তাদের মধ্যে বৈঠক হয়।

বৈঠকে জেলেনস্কি বলেন, ইরান থেকে নিক্ষিপ্ত ড্রোন থেকে সৌদিকে সুরক্ষা দিতে প্রস্তুত আছে ইউক্রেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের শুরু থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং জর্ডানে কাজ করছেন ইউক্রেনীয় বিশেষজ্ঞরা ইতোমধ্যে তারা তাদের কাজে পারদর্শিতা দেখিয়েছেন।

তিনি আরও জানান, বর্তমানে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে কাজ করছেন ২ শতাধিক ইউক্রেনীয় বিশেষজ্ঞ, যারা ইরানি ড্রোন আটকানো ও ধ্বংসে বিশেষভাবে পারদর্শী।

সৌদি আরবের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, জেলেনস্কি এবং সৌদি যুবরাজের বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং উভয় দেশ একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছে।

উল্লেখ্য, গত চার বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইরানি ড্রোনের ওপর ব্যাপকভাবে নির্ভর করছে রাশিয়া। এমনকি ইরানি বিভিন্ন পাল্লার ড্রোন তৈরির জন্য কারখানাও স্থাপিত হয়েছে রাশিয়া।

ইরানি ড্রোনের আঘাত সহ্য করতে করতে এই ড্রোনের প্রযুক্তি সম্পর্কে ব্যপারে রীতিমতো বিশেষজ্ঞ হয়ে উঠেছে ইউক্রেন। বর্তমানে ড্রোন-বিধ্বংসী এয়ার ডিফেন্স প্রযুক্তির ক্ষেত্রে ইউক্রেনকে ‘বৈশ্বিক নেতা’ বলে বিবেচনা করা হয়। এমন কিছু বিশেষ এয়ার ডিফেন্স প্রযুক্তি ইউক্রেন তৈরি করতে সক্ষম হয়েছে— যেগুলো শুধুমাত্র ইরানি ড্রোন ধ্বংসের ক্ষেত্রে অব্যর্থ।

সূত্র: এএফপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..