হুমকি ইরানের

এবার আমিরাত-বাহরাইনের উপকূল দখল করা হবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১৮:৫২:৫৩ |
যুক্তরাষ্ট্র ‘ভুল করলে’ ইরান বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চলগুলো দখল করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন মোর্তেজা সিমিয়ারি।

মোর্তেজা সিমিয়ারি বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র যদি কোনো ‘ভুল’ করে, তবে ইরানের সামরিক বাহিনী ‘ব্যবস্থা নিতে প্রস্তুত’।

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের উপকূল দখল করতে এবং ‘আঞ্চলিক ভূ-প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তন’ করতে প্রস্তুত।

সতর্ক করে দিয়ে সিমিয়ারি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের উপকূলে প্রবেশ করা (ইরানের) আলোচ্যসূচিতে (agenda) রয়েছে।’

ইরানি বিশ্লেষকের এই মন্তব্য এমন সময় এলো, যখন সংযুক্ত আরব আমিরাত তেহরানের হামলার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সম্প্রতি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে স্পষ্ট জানিয়েছেন, তারা ‘সন্ত্রাসীদের দ্বারা ব্ল্যাকমেইলড’ হবেন না।

আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশও বলেন, আরব উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের নগ্ন আগ্রাসন গভীর ভূ-রাজনৈতিক প্রভাব ফেলছে এবং এর ফলে তারা ওয়াশিংটনের সঙ্গে তাদের ‘নিরাপত্তা অংশীদারত্ব’ আরও জোরালো করছে।

এদিকে, ইরান যুদ্ধে উত্তেজনার বৃদ্ধির মধ্যেই মধ্যপ্রাচ্যে এক হাজার প্যারাট্রুপার মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ২৬তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুটি হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে সারাবিশ্বে জ্বালানির বাজারে চরম অস্থিরতা শুরু হয়েছে।

সূত্র : মিডল ইস্ট আই

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..