ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ফের হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১০:৪৫:২৯ |
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফের হামলার ঘটনা ঘটেছে। ইরানের আণবিক শক্তি সংস্থার (এইওআই) জনসংযোগ দপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। তবে এতে কোনো ধরনের আর্থিক, কারিগরি বা প্রাণহানির ঘটনা ঘটেনি এবং স্থাপনাটির কোনো অংশই ক্ষতিগ্রস্ত হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।

এইওআই তাদের বিবৃতিতে দাবি করেছে, এ হামলা মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরিচালিত ধারাবাহিক হামলারই একটি অংশ। এর আগে গত ১৭ মার্চও এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছিল, যদিও সেবারও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

পারমাণবিক স্থাপনায় এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের আণবিক শক্তি সংস্থা। পাশাপাশি তারা বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও সুরক্ষার জন্য বিপজ্জনক এবং অপূরণীয় পরিণতি ডেকে আনতে পারে, যা বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য চরম হুমকি হতে পারে।

উল্লেখ্য, রাশিয়ার সহায়তায় নির্মিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ইরানের একমাত্র সম্পূর্ণ কার্যকর পারমাণবিক প্রকল্প। দীর্ঘদিন ধরেই দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক চলে আসছে, যার জেরে তেহরানের ওপর ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। তথ্যসূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..