হামলা হলেও বিদ্যুৎ দ্রুতই ফিরবে, ইরানের জ্বালানি মন্ত্রীর ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ১৭:১৪:৪০ |
ইরানের বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য মার্কিন-ইসরায়েলি হামলার বিষয়ে দেশের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে বড় ধরনের আশ্বাস দিয়েছেন ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি।

মঙ্গলবার তিনি জানান, ইরানের বিদ্যুৎ ব্যবস্থা এখন আর একটি নির্দিষ্ট কেন্দ্রের ওপর নির্ভরশীল নয়, বরং এটি ‘বিকেন্দ্রীভূত’ বা ছড়িয়ে দেওয়া হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হলেও ইরান খুব দ্রুত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো পুনর্গঠন করতে সক্ষম।

রাষ্ট্রীয় টিভি চ্যানেল আইআরআইবি-তে প্রচারিত মন্তব্যে আলিয়াবাদি বলেন, “জনগণের মোটেও চিন্তিত হওয়া উচিত নয়; যদি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আঘাত হানা হয়, তাহলে সেগুলো দ্রুত পুনর্নির্মাণ ও আধুনিকায়ন করা হবে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দুই দিনে তেহরানের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনার কথা উল্লেখ করে সোমবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন।

তবে মঙ্গলবার ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, ইরানের ইসফাহান প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খোররামশাহরের জ্বালানি-সংশ্লিষ্ট স্থাপনাগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার শিকার হয়েছে। সূত্র: গালফ নিউজ, আল-আহরাম, মিডল ইস্ট মনিটর

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..