নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জমিয়ে তুলল দক্ষিণ আফ্রিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২২, | ১৮:৫৭:১৮ |
চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দারুণ এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ ব্যবধানে সমতা ফেরালো প্রোটিয়ারা। সিরিজের পঞ্চম ম্যাচ এখন সিরিজ নির্ধারণী। ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় প্রোটিয়ারা। ওপেনার উইয়ান মাল্ডার সাজঘরে ফিরেছেন প্রথম ওভারেই। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন মাল্ডার। এরপর প্রতিরোধ গড়েছেন টনি ডি জর্জি এবং কনোর এস্টারহুইজেন। আগ্রাসী ব্যাটিংয়ে রানের গতি বাড়িয়েছেন। শক্ত হাতে সামাল দিয়েছেন পরিস্থিতি।

পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ রান তোলে দক্ষিণ আফ্রিকা। পাওয়ারপ্লে শেষেও চলেছে ডি জর্জি এবং কনোরের উইলোবাজি। ফিফটি তুলে নেন কনোর। যদিও থেমেছেন ফিফটির পরেই। ৩৬ বলে ৫৭ রানের ইনিংস খেলে দলের ৮১ রানের মাথাতে থেমেছেন কনোর।

ডি জর্জি থেমেছেন পরের ওভারেই। দলের ৮৩ রানের মাথাতে ২১ বলে ২৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান প্রোটিয়া ওপেনার। দুই সেট ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।

এরপর ক্রিজে জুটি বাঁধেন রুবিন ফররেস্টার এবং ডিয়ন হারম্যান। ১৪ বলে ১৯ রানের ক্যামিও খেলে বিদায় নেন রুবিন। ঠিক ১৪ বলে ১৯ রানই করেছেন জেসন স্মিথ। শেষ দিকে ৮ বলে ১৪ রানের ক্যামিও খেলে টিকে ছিলেন জর্জ লিন্ডে। দেড়শ পার করেছে দক্ষিণ আফ্রিকা। ২৫ বলে ২৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন হারম্যান। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।

নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট নেন কাইল জেমিসন। ১টি করে উইকেট শিকার করেছেন জাক ফুলকস, বেন সিয়ার্স এবং কোল ম্যাককঞ্চি।

জবাব দিতে নেমে শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলেছেন দুই কিউই ওপেনার টিম রবিনসন এবং কাটেনে ক্লার্ক। ওপেনিং জুটিতে এসেছে ২৮ রান। ৫ বলে ৯ রান করে বিদায় নেন ক্লার্ক। আরেক ওপেনার রবিনসন ধুমধাড়াক্কা ব্যাটিং চালিয়ে গেছেন। ২২ বলে ৩২ রানের ক্যামিও খেলে দলের ৫২ রানের মাথাতে বিদায় নিয়েছেন রবিনসন। পাওয়ারপ্লের ৬ ওভারে দুই ওপেনারের উইকেট হারিয়ে ৬৩ রান তোলে নিউজিল্যান্ড।

পাওয়ারপ্লে শেষেও এগিয়েছে কিউইদের ইনিংস। শক্ত করে হাল ধরেছেন ড্যান ক্লেভার। চারে নামা নিক কেলি বেশি সুবিধা করতে পারেননি। ২০ বলে করেছেন ১৯ রান। এর আগেই বিদায় নিয়েছেন ক্লেভার, বেভন জ্যাকবস এবং জিমি নিশাম। ১৬ বলে ২৬ রান করেছেন ক্লেভার। জ্যাকবস ৫ বলে করেছেন ৩ রান। নিশাম ৮ বলে ৬ রান করেন।

শেষ দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে নিউজিল্যান্ডের ইনিংস। ১০ বলে ১০ রান করেছেন জশ ক্লার্কসন। ৫ বলে ১০ রান করেন কোল ম্যাককঞ্চি। ৯ বলে ১৩ রান করেন কাইল জেমিসন। ধুঁকতে ধুঁকতে একের পর এক উইকেট হারিয়ে ১৪৫ রানের মাথাতে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট শিকার করেছেন জেরাল্ড কোয়েটজি। ২টি করে উইকেট নেন ওটিনেইল বার্টম্যান, প্রেনেলান সুবরায়েন এবং কেশব মহারাজ। ১ উইকেট নিয়েছেন উইয়ান মাল্ডার।

দুর্দান্ত এই জয়ের ফলে সিরিজে ২-২ ব্যবধানে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের পঞ্চম ম্যাচেই এখন হচ্ছে সিরিজের নিষ্পত্তি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..