✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ১৬:২৬:৫২ |ইরান বলেছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করা হয়নি। যে দেশগুলো তেহরানের সঙ্গে যোগাযোগ করবে, তাদের জাহাজ চলাচলের জন্য নিরাপদ পথ বা করিডর দেওয়া হবে।
জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজ কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা এই প্রণালি বন্ধ করিনি। আমাদের দৃষ্টিতে এটি খোলা আছে। তবে যারা আমাদের ওপর হামলা চালায়—সেসব দেশের জাহাজের জন্য এটি বন্ধ। অন্য দেশগুলোর জাহাজ স্বাভাবিকভাবে এই পথ দিয়ে চলাচল করতে পারে।
আরাগচি আরও জানান, কোনো দেশ চাইলে তেহরানের সঙ্গে যোগাযোগ করে এই পথে নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে পারে। তার ভাষায়, ‘তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা নিরাপদে চলাচলের ব্যবস্থা দিতে প্রস্তুত। শুধু এই পথটি কীভাবে ব্যবহার করা হবে তা নিয়ে আমাদের সঙ্গে কথা বললেই হবে।’
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি রক্ষায় সংঘাতে যোগ দিতে ন্যাটো মিত্র ও এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে আহ্বান জানাচ্ছেন। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ন্যাটো সদস্য দেশগুলোকে ‘পেপার টাইগার’ (কাগুজে বাঘ) বলে উল্লেখ করেন। তিনি বলেন, তেলের দাম বাড়ায় তারা অসন্তুষ্ট হলেও প্রণালিটি খোলা রাখতে কোনো জোটে যোগ দিতে আগ্রহ দেখাচ্ছে না।
এর প্রায় এক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাতটি দেশের নাম উল্লেখ করে ট্রাম্প হরমুজে নিরাপদ জাহাজ চলাচলে একটি জোটের পরিকল্পনা তুলে ধরেন। এরপর থেকে এটা নিয়ে তিনি মিত্র দেশগুলোর ওপর চাপ বাড়িয়ে যাচ্ছেন।