ইরান যুদ্ধ নেতানিয়াহুর জন্য যে ৫ সমস্যার ‘সমাধান’ হতে পারে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২০, | ২০:২৪:৪১ |
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে বড় কিছু সুবিধা হাতিয়ে নিচ্ছেন বলে বিশ্লেষণে উঠে এসেছে।দীর্ঘদিন ধরে ইরানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য প্রধান হুমকি হিসেবে তুলে ধরা নেতানিয়াহু এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি এই যুদ্ধে যুক্ত করতে সফল হয়েছেন, যা তার জন্য বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ নেতানিয়াহুর সামনে থাকা অন্তত পাঁচটি বড় সমস্যাকে আড়াল করতে সহায়তা করছে।

প্রথমত, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পাশে পাওয়া ইসরায়েলের নিরাপত্তা অবস্থানকে শক্তিশালী করেছে। এতে তেহরানের সামরিক সক্ষমতা দুর্বল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে এবং এতে দেশটির আঞ্চলিক প্রভাবও কমতে পারে।

দ্বিতীয়ত, নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা থেকে মনোযোগ সরানোর সুযোগ তৈরি হয়েছে। ২০১৯ সাল থেকে তিনটি মামলায় অভিযুক্ত নেতানিয়াহু বারবার শুনানি পিছিয়ে দিয়েছেন। যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে তিনি এসব আইনি প্রক্রিয়া বিলম্বিত করার যৌক্তিকতা খুঁজে পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।

তৃতীয়ত, বিচারব্যবস্থায় সংস্কারের নামে সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর যে উদ্যোগ তিনি নিয়েছিলেন, তা নিয়ে ব্যাপক জনবিক্ষোভ হয়েছিল। তবে যুদ্ধের আবহে সেই জনরোষ ও বিরোধিতা অনেকটাই কমে এসেছে, ফলে তার পক্ষে বিতর্কিত আইন পাসের পথ সহজ হতে পারে।

চতুর্থত, অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আচরণ নিয়ে আন্তর্জাতিক সমালোচনা অনেকটা আড়ালে চলে গেছে। গাজা ও পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর সহিংসতা অব্যাহত থাকলেও, বিশ্ব গণমাধ্যমের বড় অংশের দৃষ্টি এখন ইরান সংঘাতের দিকে।

পঞ্চমত, আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর পরাজয়ের শঙ্কা এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর নেতানিয়াহুর প্রতি জনসমর্থন কিছুটা বেড়েছে। শক্তিশালী যুদ্ধকালীন নেতা হিসেবে নিজেকে তুলে ধরে তিনি আগাম নির্বাচন ডাকার কৌশলও নিতে পারেন।

তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, এসব স্বল্পমেয়াদি সুবিধা দীর্ঘমেয়াদে আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..