ইরানের খার্গ দ্বীপ দখলের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২০, | ২০:০৮:৫৪ |

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানিকেন্দ্র খার্গ দ্বীপ দখল বা অবরোধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের মাধ্যমে তেহরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলতে বাধ্য করার কৌশল বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দ্বীপটি সরাসরি দখল বা অবরোধ করে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চায়। যদিও এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি স্থলবাহিনী পাঠানোর দিকে ঝুঁকছেন না।

খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল এই দ্বীপের মাধ্যমে বিশ্ববাজারে যায়। ফলে এটি দখল করা গেলে ইরানের অর্থনীতিতে বড় চাপ তৈরি হতে পারে।

তবে সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এমন অভিযান ঝুঁকিপূর্ণ হতে পারে। ছোট এই দ্বীপে মার্কিন বাহিনী মোতায়েন হলে তারা ইরানের ড্রোন ও রকেট হামলার মুখে পড়তে পারে।

জানা গেছে, পেন্টাগন ইতোমধ্যে প্রায় ২ হাজার ২০০ সদস্যের একটি দ্রুত ক্রিয়াশীল মেরিন ইউনিট মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। তবে এই বাহিনীকে ঠিক কী কাজে ব্যবহার করা হবে, তা এখনো স্পষ্ট নয়।

মার্কিন প্রশাসনের একটি সূত্র বলছে, ইরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল না করা পর্যন্ত এ ধরনের অভিযান শুরু করা হবে না। এজন্য কয়েক সপ্তাহ ধরে হামলা চালানোর পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

এদিকে ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র যেকোনো সময় এই দ্বীপ দখল করতে পারে। তিনি দাবি করেন, দ্বীপটির বেশিরভাগ সামরিক সক্ষমতা ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে, শুধু পাইপলাইনগুলো অক্ষত রাখা হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, খার্গ দ্বীপ দখল করলেই যে ইরান যুক্তরাষ্ট্রের শর্তে রাজি হবে, তার কোনো নিশ্চয়তা নেই। বরং এতে সংঘাত আরও বাড়ার ঝুঁকি রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..