হঠাৎ কেন আকাশপথে হাজার কিলোমিটারের ‘গন্তব্যহীন’ ফ্লাইট বাড়ল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৯, | ১৬:৪৮:৪৫ |
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক বিমান চলাচলে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি করেছে। ইরান যুদ্ধের জেরে দেখা দিচ্ছে ‘ফ্লাইটস টু নো-হোয়ার’ বা গন্তব্যে না পৌঁছে মাঝ আকাশ থেকে ফিরে আসা ফ্লাইটের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এমিরেটস-এর লন্ডন থেকে দুবাইগামী ফ্লাইট ইকে১০ সৌদি আকাশসীমায় থাকা অবস্থায় গন্তব্যে ড্রোন হামলার খবর পেয়ে হঠাৎ ফিরে যায়। শেষ পর্যন্ত এটি ৯ হাজার ১০০ কিলোমিটারের বেশি ‘গন্তব্যহীন’ যাত্রা সম্পন্ন করে আবার গ্যাটউইকে অবতরণ করে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

একইভাবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলার কারণে অন্তত ৩০টি ফ্লাইট মাঝপথে ঘুরে যেতে বা বিকল্প পথে যেতে বাধ্য হয়। যাত্রীরা ভেবেছিলেন ভোরে দুবাই পৌঁছাবেন, কিন্তু বাস্তবে তারা ফিরে যান যাত্রার শুরুর বিমানবন্দরে বা অন্য শহরে।

বিশ্লেষকদের মতে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই ধরনের ‘গন্তব্যহীন ফ্লাইট’-এর সংখ্যা বেড়েছে। উপসাগরীয় আকাশসীমার বড় অংশ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় আঞ্চলিক বিমান চলাচল প্রায় শূন্যে নেমে আসে।

কাতার এয়ারওয়েজ, ইতিহাদ এয়ারওয়েজসসহ বড় এয়ারলাইনগুলো আংশিকভাবে ফ্লাইট চালু করলেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র সতর্কতায় হঠাৎ রুট পরিবর্তন এখনও ঘটছে। 

পরিসংখ্যান বলছে, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে ছেড়ে যাওয়া প্রায় ৩০ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে এমিরেটস একাই দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে।

বিশেষজ্ঞদের মতে, এই অস্থিরতা শুধু যাত্রীদের ভোগান্তিই বাড়াচ্ছে না, বরং বৈশ্বিক বিমান শিল্প ও অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ তৈরি করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..