রমজানের শেষ সূর্য যখন ডুবে যায়, তখন আকাশে দেখা দেয় এক ফালি নতুন চাঁদ। এ চাঁদ শুধু নতুন মাসের সূচনার নয়—রহমত, বরকত, ক্ষমা, মানবিকতা ও ভালোবাসা এবং নতুন করে জেগে ওঠার বার্তাবাহী এক ফালি চাঁদ।
ঈদুল ফিতর নিছক কোনো একটি উৎসবের নাম নয়; এটি এক গভীর, আবেগময় আহ্বান—হৃদয়কে নরম করার, জীবনকে শুদ্ধ করার এবং মানুষের মানবিক হয়ে ওঠার ডাক।
এক মাসের সিয়াম সাধনা আমাদের শুধু ক্ষুধা আর তৃষ্ণা সহ্য করতে শেখায় না; নিজেকে নিয়ন্ত্রণ করতে, অন্যের কষ্ট বুঝতে এবং ভালো কাজ করতে শেখায়। দিনের পর দিন সংযমের এই অনুশীলন যেন আত্মাকে ধুয়ে-মুছে পবিত্র করে দেয়।
ঈদ এসে তাই প্রশ্ন তোলে—রমজানে তোমার মাঝে নতুনভাবে যে মানুষটা জন্ম নিয়েছে, রমজানের পরেও সেই মানুষটাকে তুমি বাঁচিয়ে রাখতে পারবে তো? নাকি আবার হারিয়ে যাবে আগের অস্থিরতায়?
ঈদের আসল সৌন্দর্য এখানেই—এটা আমাদের ভেতরের মানুষটাকে আপগ্রেড করতে চায়। একটি রিস্টার্ট বাটন চিপে জীবনটাকে নতুনভাবে সাজানোর সুযোগ তৈরি করে দেয়।
ঈদের সকাল মানেই এক ধরনের পবিত্র উচ্ছ্বাস। পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া, সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা—এসব শুধু বাহ্যিক সাজ নয়, বরং অন্তরের পরিচ্ছন্নতার প্রতীকও। এসব কাজের মাধ্যমে যেন মানুষ ঘোষণা দেয়—আমি নতুনভাবে শুরু করতে প্রস্তুত। ঈদের নামাজে যখন সব মানুষ এক কাতারে দাঁড়ায়, তখন মনে হয়—পৃথিবীর সব ভেদাভেদ হারিয়ে গেছে। এখানে ধনী-গরিব নেই, উঁচু-নিচু নেই; নেই কোনো হিংসা-বিদ্বেষের চিৎকার। আছে শুধু বান্দা আর তার রব। এই দৃশ্য আমাদের শেখায়—সমতা ও মানবিকতা কোনো স্লোগান নয়, এটা চর্চার বিষয়।
ঈদের আগে ফিতরা দেওয়ার বিধান ইসলামের অসাধারণ এক মানবিক সৌন্দর্য। ঈদের আনন্দ যেন শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে; সমাজের শেষ মানুষটিও যেন ঈদের দিনে অন্তত একফালি তৃপ্তির হাসি হাসতে পারে এবং সবাই যেন নিজের ঘরের আনন্দকে অন্যের ঘর পর্যন্ত পৌঁছে দিতে পারে—এই মানসিকতাই ঈদের প্রাণ। ঈদুল ফিতরের মানবিক আহ্বান। ঐশী ডাক।
মহানবি হজরত মুহাম্মদ (সা.) আমাদের শিখিয়েছেন—ঈদের দিন আনন্দ প্রকাশ করতে, সুন্দরভাবে প্রস্তুত হতে, মানুষের সঙ্গে দেখা করতে এবং শুভেচ্ছা আদান-প্রদান করতে। তিনি দেখিয়েছেন—ভারসাম্যই হলো ঈদুল ফিতরের প্রকৃত সৌন্দর্য। ইবাদত থাকবে, থাকবে আনন্দও; গম্ভীর্যতা থাকবে, থাকবে হাসিও। ঈদের দিন তিনি সাধারণভাবে মানুষের সঙ্গে মিশতেন, শিশুদের প্রতি স্নেহ-ভালোবাসা দেখাতেন এবং সহজ আচরণে হৃদয় জয় করতেন।
এখানেই আমরা বুঝি—মহত্ত্ব মানে দূরে থাকা নয়, মানুষের কাছে থাকা। মানুষকে কাছে টানা এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া।
\
ঈদ সম্পর্ক মেরামতেরও দিন। বছরের পর বছর জমে থাকা অভিমান, ভুল বোঝাবুঝি, দূরত্ব—সব গলিয়ে দেওয়ার এক আলত সুযোগ। একটি সালাম, একবার আলিঙ্গন, একটি শুভেচ্ছামাখা বার্তা অথবা একটি আন্তরিক ক্ষমা—এগুলো ছোট শব্দ, কিন্তু ভাঙা হৃদয় জোড়া লাগাতে ম্যাজিকের মতো কাজ করে। ঈদ আমাদের শেখায়—ইগো অফ করো, ভালোবাসা অন করো এবং বলো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক।
ঈদকে আমরা চাইলে সত্যিকারের মানবতাপূর্ণ ঈদ বানাতে পারি। একটু চারপাশে তাকালেই দেখা যাবে—কেউ একা, কেউ অসুস্থ, কেউ অভাবে চুপচাপ। তাদের পাশে দাঁড়ানো, খাবার ভাগ করে দেওয়া, নতুন কাপড় উপহার দেওয়া কিংবা শুধু সময় নিয়ে কথা শোনা—এসবই মানবতার ঈদ। শুধু টাকা দিয়ে নয়— মন দিয়ে কিংবা আচরণ দিয়ে অথবা সম্মান দিয়েও মানুষের মন জয় করা যায়।
ঈদের আনন্দ মানে সীমাহীন ভোগ নয়; বরং সচেতন আনন্দ। কৃতজ্ঞতার আনন্দ। ছোট নেয়ামতকে বড় করে অনুভব করার আনন্দ। পরিবারকে সময় দেওয়া, বয়োজ্যেষ্ঠদের খোঁজ নেওয়া, শিশুদের মুখে হাসি ফোটানোই ঈদের আসল আনন্দ।
ঈদুল ফিতরের ডাক মানে মানবতার ডাক। এটি মনে করিয়ে দেয়—রমজান ছিল ট্রেনিং, সামনে বাস্তব জীবন। ঈদের যদি পর আমরা একটু বেশি দয়ালু, একটু বেশি সৎ, একটু বেশি সহমর্মী থাকতে পারি—তাহলেই ঈদ সফল। সার্থক ঈদুল ফিতরের মানবিক ডাক। আর এ ডাক সার্থক হলে আকাশে ওঠা চাঁদের আলোয় আলোকিত হবে মানুষের হৃদয়ে।
এ জাতীয় আরো খবর..