এলোমেলো পার্কিং-উল্টো পথে চলাচল: গাজীপুরে থেমে থেমে যানজট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৯, | ১০:৪২:২৬ |
ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাক-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

গাড়ির বাড়তি চাপ ও যাত্রী উঠানামা, এলোমেলো পার্কিং ও উল্টো পথে অটোরিকশা চলাচল করায় এ  সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন যানবাহন সংশ্লিষ্টরা। 

এছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। 

রাতে বৃষ্টির ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদা সৃষ্টি হয়েছে। এছাড়া রাস্তায় মানুষের ঢল ও সড়কের এক পাশে গাড়ি পার্কিং করায় রাস্তা সরু হয়ে গেছে। এতে স্বাভাবিক গতিতে চলছে না গাড়ি। 

গাড়ির কয়েক গুণ বেশি চাপ ও মানুষের ভিড়ে কবিরপুর থেকে চন্দ্রা ও  কালিয়াকৈর এবং আশেপাশের এলাকায় অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর, টঙ্গী, বোর্ড বাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির ধীর গতি। চান্দনা চৌরাস্তায় সড়কের পাশে গাড়ি পার্কিং করায় লেন সঙ্কুচিত হয়ে গেছে। এছাড়া যাত্রী উঠানামা করায় এ পয়েন্ট অতিক্রম করতে যানবাহনগুলোর সময় বেশি লাগছে। এতে এই অংশে বাসন সড়ক থেকে তেলিপাড়া পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। অনেকে বিরম্বনার শিকার হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। 

যাত্রীরা বলছেন, যানজটের ভোগান্তির পাশাপাশি তাদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে পরিবহনগুলো। এতে যাত্রাপথে অনেকটা নিরুপায় হয়ে পড়েছেন তারা। অনেক মানুষ অপেক্ষাকৃত কম ভাড়ায় ট্রাক, পিকআপ ও অন্যান্য হালকা যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন।

পুলিশ বলছে, বুধবার দুপুরের পর তৈরি পোশাক কারখানা ছুটি হওয়ায় একযোগে শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গাজীপুর ছাড়ছেন। ফলে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন ও ঘরমুখো মানুষের ভিড় ও জটলা দেখা গেছে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, স্বেচ্ছাসেবক ও অন্যান্য সংস্থার লোকজন কাজ করছে।

গাজীপুরে বুধবার প্রায় ২ হাজারের মতো শিল্পকারখানা ছুটি হয়েছে। ফলে দুপুর থেকেই মহাসড়কে যাত্রী বেড়েছে কয়েকগুণ। বৃহস্পতিবার দুপুরের পর অন্যান্য কারখানায় ছুটি ঘোষণা করা হবে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..