তুরস্কের সেহান বন্দর দিয়ে তেল রপ্তানি শুরু করল ইরাক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৮, | ১৪:৫০:৪২ |
হরমুজ প্রণালিতে বিঘ্নের কারণে তেল উৎপাদন কমে যাওয়ার পর বুধবার ইরাক ঘোষণা করেছে, তারা তুরস্কের সেহান বন্দরের মাধ্যমে প্রতিদিন দুই লাখ ৫০ হাজার ব্যারেল সীমিত তেল রপ্তানি পুনরায় শুরু করেছে।

ওপেক জোটের প্রতিষ্ঠাতা সদস্য ইরাকের বাজেট আয়ের প্রায় ৯০ শতাংশই অপরিশোধিত তেল বিক্রি থেকে আসে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে ইরাক প্রধানত দক্ষিণের বসরা অঞ্চলের ক্ষেত্রগুলো থেকে প্রতিদিন প্রায় ৩৫ লাখ ব্যারেল তেল হরমুজ প্রণালি হয়ে রপ্তানি করত।

রাষ্ট্রায়ত্ত নর্থ অয়েল কম্পানি জানিয়েছে, ‘কিরকুকের তেল সেহান বন্দরে পাঠাতে সারলো পাম্পিং স্টেশন চালু করা হয়েছে, যার প্রাথমিক সক্ষমতা প্রতিদিন দুই লাখ ৫০ হাজার ব্যারেল।’

তারা জানায়, ‘তেল খাতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করা এক বিঘ্নিত সময়ের পর কিরকুক প্রদেশের ক্ষেত্রগুলো থেকে রপ্তানি পুনরায় শুরু হয়েছে,’ এবং এটি স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে করা হয়েছে, যার মধ্য দিয়েই তুরস্কের সেহান বন্দরে যাওয়ার পাইপলাইনটি গেছে।

তেল রপ্তানির বিকল্প পথ খুঁজতে ইরাক চেষ্টা চালিয়ে আসছিল এবং দীর্ঘদিন ধরে ইরাকি কুর্দিস্তানের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছিল।

কুর্দি কর্তৃপক্ষ পাইপলাইন ব্যবহারের অনুমতি দেওয়ার আগে কয়েকটি শর্ত আরোপ করেছিল।

কুর্দিস্তানের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে সারলো তেল স্টেশন চালু করা হয়, যাতে কুর্দিস্তান অঞ্চলের পাইপলাইন দিয়ে সেহান বন্দরে তেল রপ্তানি সম্ভব হয়।


স্বাভাবিক সময়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ যে হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ইরান সেটি অধিকাংশ দেশের জাহাজের জন্য বন্ধ করে দিয়েছে।

ইরাকের তেলমন্ত্রী হায়ান আবদেল গানি বলেছেন, কিছু তেলবাহী জাহাজকে ওই জলপথ দিয়ে পারাপারের ব্যবস্থা করতে তার দেশ ইরানের সঙ্গে যোগাযোগ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..