ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ লেবাননের বাসিন্দাদের আবারও সরে যেতে বলেছে। এই নির্দেশ জাহরানি নদীর দক্ষিণে, সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে থাকা মানুষদের জন্য দেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহেও ইসরায়েল একই ধরনের নির্দেশ দিয়েছিল। তখন বলা হয়েছিল, সবাই যেন দ্রুত জাহরানি নদীর উত্তরে চলে যায়।
এক্স-এ দেওয়া এক বিবৃতিতে আইডিএফের মুখপাত্র আভিচাই আদরাই বলেন, হিজবুল্লাহর তৎপরতার কারণে তারা ওই এলাকায় অভিযান চালাতে বাধ্য হচ্ছে। তবে সাধারণ মানুষের ক্ষতি করার কোনো ইচ্ছা তাদের নেই। তিনি আরো বলেন, নিরাপত্তার জন্য সবাইকে দ্রুত জাহরানি নদীর উত্তরে সরে যেতে হবে। নদীর দক্ষিণে থাকলে জীবন ঝুঁকিতে পড়তে পারে।
লেবাননে ইসরায়েলের টানা হামলার পর এই নতুন নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে রাতভর মধ্য বৈরুতে ইসরায়েলি হামলার পর ক্ষয়ক্ষতির নতুন ছবিতে ফুটে উঠেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত জানিয়েছে, এই হামলায় অন্তত ছয়জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে বৈরুতের কেন্দ্রস্থলে একটি ভবন ধূলিসাৎ হয়ে গেছে।
ঘটনাস্থল থেকে বিবিসির ওয়াইর ডেভিস লিখেছেন, এটি দক্ষিণে তথাকথিত হিজবুল্লাহর কেন্দ্রস্থল নয়, বরং ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল পরিবেষ্টিত একটি এলাকা।
জাতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া চারজনের একটি পরিবারকে দক্ষিণ লেবাননের বেসামরিক প্রতিরক্ষা দলগুলো উদ্ধার করেছে। এদিকে দক্ষিণাঞ্চলীয় শহর সিডনে একটি ইসরায়েলি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম এই হামলার পর একটি গাড়িতে আগুন লাগার ফুটেজ দেখিয়েছে।
সূত্র : বিবিসি
এ জাতীয় আরো খবর..