লারিজানির এক্স হ্যান্ডলে চিরকুট ঘিরে রহস্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৭, | ১৭:০৩:৪২ |
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। এই সন্দিহান পরিস্থিতির মধ্যেই লারিজানির নিজস্ব ‘এক্স’ অ্যাকাউন্টে তার হাতে লেখা একটি চিরকুট প্রকাশ হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো লারিজানির এই হাতে লেখা বার্তাটি প্রচার করেছে। চিরকুটটি মূলত সম্প্রতি শ্রীলঙ্কার কাছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণ করে লেখা। আজ মঙ্গলবার (১৭ মার্চ) তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।

বার্তায় লারিজানি লিখেছেন: ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সাহসী সদস্যদের জানাজা উপলক্ষে: তাদের স্মৃতি ইরানি জনগণের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। এই শাহাদাত বহু বছর সশস্ত্র বাহিনীর কাঠামোর মধ্যে ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীর ভিত্তি আরও শক্তিশালী করবে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে এই প্রিয় শহীদদের সর্বোচ্চ মর্যাদা কামনা করি।’

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তাদের এক সফল হামলায় লারিজানি নিহত হয়েছেন। তবে তেহরান এই দাবির সপক্ষে বা বিপক্ষে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। এই নীরবতার মধ্যেই তার অ্যাকাউন্ট থেকে সক্রিয়ভাবে বার্তা প্রকাশিত হওয়াকে অনেকে ইরানের কৌশলগত অবস্থান হিসেবে দেখছেন। লারিজানির মতো একজন প্রভাবশালী কর্মকর্তার মৃত্যু নিশ্চিত হলে তা মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকদের মতে, চিরকুটটি লারিজানি আগে লিখে রেখেছিলেন নাকি তিনি এখনও জীবিত আছেন এবং বর্তমান পরিস্থিতি তদারকি করছেন—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইরানের সরকারি গণমাধ্যমগুলো চিরকুটটি শেয়ার করলেও লারিজানির বর্তমান অবস্থান সম্পর্কে কোনো পরিষ্কার তথ্য দেয়নি। ফলে তার বেঁচে থাকা বা না থাকা নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

সূত্র: আলজাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..