ইরানের ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় অন্তত ৫৬টি জাদুঘর, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এই স্থাপনাগুলোর মধ্যে অন্তত ১৯টি রাজধানী তেহরানে অবস্থিত। এর মধ্যে ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক গোলেস্তান প্যালেস, ঐতিহ্যবাহী তেহরান বাজার এবং সাবেক সিনেট ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।
রাজধানী তেহরানের বাইরেও মধ্য ইরানের ঐতিহাসিক শহর ইসফাহানে ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত ঐতিহাসিক ‘নকশ-ই-জাহান স্কয়ার’-এ অবস্থিত ইমাম শাহ মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। প্রাচীন পারস্য সভ্যতার নিদর্শন এবং ইসলামী স্থাপত্যের এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যুদ্ধের কবলে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়।
হামলার তীব্রতায় শতবর্ষী অনেক স্থাপত্যের কাঠামোতে ফাটল দেখা দিয়েছে এবং কিছু স্থাপনার শৈল্পিক কারুকার্য চিরতরে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধকালীন সাংস্কৃতিক স্থাপনা রক্ষা করার বিধান থাকলেও, বর্তমান সংঘাতের ফলে ইরানের হাজার বছরের পুরনো ঐতিহ্য এখন হুমকির মুখে।
সূত্র: আলজাজিরা।
এ জাতীয় আরো খবর..