ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে অন্তত ৩ হাজার ৩৬৯ জন আহত হয়েছেন। তাদের অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীর সদস্যরাও আছেন।
সোমবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মাঝে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীর সদস্য-সহ অন্তত ৩ হাজার ৩৬৯ জন আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪২ জন আহত হয়েছেন।
• মধ্য-ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত
ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা করেছে ইসরায়েল। এ সময় মধ্য-ইসরায়েলের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হেনেছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেল-১২ বলেছে, তেল আবিবের কাছের শোহাম, রিশন লেজিয়ন, লোদ এবং নেস জিওনা শহরে ক্ষেপণাস্ত্রের টুকরো পড়েছে। তবে এতে কোনও হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
• ক্ষয়ক্ষতির তথ্যে ইসরায়েলের ‘কঠোর সেন্সরশিপ’
ইরান ও তার মিত্রদের ক্ষেপণাস্ত্র হামলায় হওয়া ক্ষয়ক্ষতি; বিশেষ করে কৌশলগত এবং সামরিক স্থাপনার ক্ষতি সম্পর্কিত তথ্যের ওপর ইসরায়েল অত্যন্ত কঠোর সামরিক সেন্সরশিপ চালু করেছে।
গত কয়েক দিনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উন্নত প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে গোষ্ঠীটি। যে কারণে এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ঠিক কতটুকু ক্ষতি করেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।
আল জাজিরা বলছে, হিজবুল্লাহর ছোড়া এসব উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ওয়ারহেড বহন করতে পারে এবং তা বিস্ফোরণ ঘটিয়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এর ফলে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রচেষ্টাকে জটিল করে তোলে এবং ক্ষয়ক্ষতি ও হতাহতের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়।
ইরান থেকে আসা একের পর এক ক্ষেপণাস্ত্রের ঢেউ মোকাবিলা করতে ইসরায়েল আরও বেশি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা।
এ জাতীয় আরো খবর..