ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় হরমুজ প্রণালি পার হতে না পেরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রা ফিরে গেছে। বর্তমানে এটি শারজাহ বন্দরের বহির্নোঙরে অবস্থান নিয়েছে। জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।
সমুদ্রে বাল্ক কার্গো পরিহনে নিয়োজিত বাংলাদেশি পতাকাবাহী এই জাহাজ মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে সেখান থেকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল বিএসসি। সেই অনুযায়ি, গত ১২ মার্চ হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা চালায়। তবে ৬৬ নটিক্যাল মাইল দূরে থাকতেই প্রণালি এলাকায় মিসাইল হামলার খবর মেলে। ওই অবস্থায় নাবিকরা নিরাপত্তার বিষয় চিন্তা করে অবস্থান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সংঘাতময় পরিস্থিতিতে জাহাজটিকে এই মুহূর্তে দেশে না ফিরিয়ে পণ্য পরিবহনে নিয়োজিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএসসসি কর্তৃপক্ষ।
বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক রবিবার বিকালে জানান, জাহাজটি বর্তমানে শারজাহ বন্দরের বহির্নোঙরে রয়েছে। এরপর যাবে কাতার। পূর্বের শিডিউল অনুযায়ী কাতারের বন্দর থেকে পণ্য বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরের উদ্দেশ্যে রওনা দেবে।
তিনি বলেন, পণ্য পরিবহন নয়, এখন মূল উদ্দেশ্য হল নিরাপত্তা। জেটির কাছাকাছি থাকলে এয়ার ডিফেন্স ভালো পাওয়া যায়। একারণে কাতারের বন্দর থেকে পণ্য লোড করা হবে। সেখান থেকে জেবেল আলী বন্দরে যাবে।
জানা গেছে, আমিরাতের জেবেল আলী বন্দরে গত ১১ মার্চ জাহাজটি পণ্য খালাস শেষ করে। এরপর কাতার থেকে পণ্যবোঝাই করার কথা ছিল। কিন্তু নিরাপত্তার বিষয় চিন্তা করে পরে জাহাজটিকে রুট পরিবর্তন করে দেশে ফেরানোর চেষ্টা চালানো হয়।
এর আগে ২০২২ সালের ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলার সমৃদ্ধি নামের বিএসসি’র একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। নিহত হয়েছিলেন জাহাজটির এক বাংলাদেশি নাবিক।
এ জাতীয় আরো খবর..