মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করেছে দুটি ভারতীয় পতাকাবাহী জ্বালানি ট্যাংকার। ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয় জানিয়েছে, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী দুটি জাহাজ ভোরে হরমুজ প্রণালি পেরিয়ে নিরাপদে ভারতমুখী যাত্রা শুরু করেছে।
মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, জাহাজ দুটি ভোরের দিকে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং বর্তমানে ভারতের পশ্চিমাঞ্চলীয় বন্দরগুলোর উদ্দেশে যাত্রাপথে রয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস সরবরাহ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু করার পর থেকে পারস্য উপসাগরীয় দেশটি অন্তত ১৬টি জাহাজে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালি হয়ে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। তারা সতর্ক করে বলেছে, বিশ্ব বাজারে তেলের ব্যারেল প্রতি দর বেড়ে ২০০ ডলার পর্যন্ত উঠতে পারে।
চলতি সপ্তাহের প্রথমদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেছিলেন। তখন তারা হরমুজ প্রণালি দিয়ে সামুদ্রিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছিলেন বলে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছিল।
এদিকে গতকাল বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মোদি তার গভীর উদ্বেগের কথা জানান।
ইরানের প্রেসিডেন্টকে তিনি বলেছেন, ভারত চায় আলোচনা ও কূটনৈতিক পথে সব সমস্যার সমাধান হোক।
প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের কাছে অগ্রাধিকার হলো, ইরানসহ ওই অঞ্চলে ভারতীয়দের সুরক্ষা। সেই সঙ্গে তেল ও অন্যান্য জিনিস যাতে অবাধে যাতায়াত করতে পারে, সেটাও ভারত চায়।
দুই নেতাই নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখবেন বলে জানিয়েছেন।
এরপর শুক্রবার হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করেছে দুটি ভারতীয় পতাকাবাহী জ্বালানি ট্যাংকার।
সূত্র: আল-জাজিরা এবং ডয়েচে ভেলে
এ জাতীয় আরো খবর..