উপসাগরীয় দেশগুলোতে এয়ার ডিফেন্স সহায়তা পাঠাচ্ছে ইতালি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৫, | ১৯:১৪:৪০ |
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানকার উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে এয়ার ডিফেন্স সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ তথ্য জানিয়েছেন।

গতকাল ইতালির একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জর্জিয়া মেলোনি বলেন, “যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির মতো ইতালিও (মধ্যপ্রাচ্যের) উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে নিরাপত্তা সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মূলত নিরাপত্তা এবং আরও সুনির্দিষ্টভাবে বললে আকাশ নিরাপত্তা বিষয়ক সহায়তা আমরা সেখানে পাঠাবো।”

“এটা শুধু এই কারণে নয় যে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো আমাদের মিত্র, তবে শুধু এই কারণেই আমরা সামরিক সহায়তা পাঠাচ্ছি— ব্যাপারটি এমন নয়। ইতালির হাজার হাজার নাগরিক এসব দেশে থাকে। তাছাড়া এসব দেশে প্রায় ২ হাজার ইতালীয় সেনা মোতায়েন করা আছে। এই নাগরিক ও সেনাদের আমরা সুরক্ষা দিতে চাই এবং এটি আমাদের দায়িত্ব।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

সংলাপ শেষ হওয়ার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জবাব দিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেনাঘাঁটিতে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলভুক্ত দেশের সংখ্যা ৬টি— সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং ওমান। এই ছয় দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে ইতালির সামরিক ঘাঁটি আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..