পাকিস্তানের সঙ্গে সীমান্তে সংঘর্ষে দেশটির ৫৫ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তান। পাশাপাশি কয়েকজন পাকিস্তানি সেনাকে জীবিত আটক এবং বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করার কথাও জানিয়েছে তালেবান প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ অভিযান চালানো হয়।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সীমান্ত এলাকায় পাকিস্তানি সামরিক অবস্থানের বিরুদ্ধে পরিচালিত পাল্টা অভিযান শেষ হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাতের নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় এই অভিযান সমাপ্ত করা হয়।
বিবৃতিতে বলা হয়, অভিযানে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হালকা ও ভারী অস্ত্রসহ কয়েকশ সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। কয়েকজন পাকিস্তানি সেনাকে জীবিত আটক করা হয়।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, অভিযানের সময় পাকিস্তান বাহিনীর দুটি সামরিক সদরদপ্তর এবং ১৯টি চেকপোস্ট আফগান বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।
তবে সংঘর্ষে আফগান বাহিনীরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে কাবুল। এতে আটজন আফগান সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে জানানো হয়।
এদিকে তোরখাম সীমান্ত এলাকায় প্রত্যাবাসনপ্রত্যাশীদের একটি অস্থায়ী শিবিরে পাকিস্তান বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে আফগান কর্তৃপক্ষ।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, আফগান ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা সামরিক অভিযান চালানো হয়েছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির বিমানবাহিনী আফগানিস্তানের নানগারহার প্রদেশে একটি গোলাবারুদ গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি কাবুলে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি বলেন, সীমান্তে আফগান দিক থেকে হামলার জবাবে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে এবং তা একাধিক ধাপে বাস্তবায়ন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..