সারা দেশে জেলা আইনশৃঙ্খলা কমিটি ‘সংশোধনপূর্বক’ পুনর্গঠনের অফিস আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কে এম ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, জেলা আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠন করতে হবে, যেখানে জেলা ম্যাজিস্ট্রেট কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন। কমিটিতে পুলিশ সুপার, সশস্ত্র বাহিনী বিভাগ বা বিজিবি বা কোস্ট গার্ড প্রতিনিধি, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, জেলা সিভিল সার্জন, জেলা ডিজিএফআই প্রতিনিধি, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ ৩১ জন কর্মকর্তা জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে থাকবেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। আর জেলার সকল সংসদ সদস্য কমিটির উপদেষ্টা পদে থাকবেন। তারাও কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন এবং সভা শেষে কার্যবিবরণী তাদেরকে নিয়মিত সরবরাহ করতে হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
কমিটি প্রতি মাসে কমপক্ষে একবার সভায় মিলিত হবে এবং প্রয়োজনবোধে যে কোনো সময়ে সভা করতে পারবেন।
পুলিশ সুপার প্রয়োজনীয় তথ্য উপাত্তসহ সভায় আবশ্যিকভাবে উপস্থিত থাকবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে।
এ জাতীয় আরো খবর..