সারা দেশে কড়া নিরাপত্তায় প্রথম ঘণ্টার ভোটগ্রহণ হয়েছে। দেশের কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। শান্তিপূর্ণভাবেই চলছে ভোট। এরসঙ্গে চলছে গণভোটও। এর মধ্যেই শীর্ষ রাজনৈতিক দলগুলোর প্রধান নেতাদের অনেকে নিজেদের ভোট দিয়েছেন।
ভোট দিলেন মির্জা ফখরুল ইসলাম : ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার পর মির্জা ফখরুল ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছান। এরপর তিনি ভোটকক্ষে প্রবেশ করেন, তারপর ভোট দেন। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে। আমরা আমরা আশা করি এই পথ মসৃণ ভাবে আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে তার লক্ষ্যের দিকে নিয়ে যাবে।
ভোট দেওয়ার পর ডা. শফিকুর : সকালে রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঢাকা-১৫ সংসদীয় আসনে নির্বাচন করছেন তিনি। ভোট দিয়ে তিনি বলেছেন, এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হোক বাংলাদেশে।
ভোট দেওয়ার পর গণমাধ্যম কর্মীদের শফিকুর রহমান বলেন, ২০১৪ সাল, ২০১৮ সালে, ২০২৪ সালে জেলেই ছিলাম। তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের শুরু হোক দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, দেশের যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই আজকের এই ভোটটার জন্য তাঁরা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ, সুষ্ঠ, সংঘাতমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক সেটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে এমন সরকার গঠন হোক যে কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, হবে ১৮ কোটি মানুষের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশা করি। আজকে ভোট দিয়ে শুরু করলাম। অনান্য কেন্দ্রেও যাব।
গোলাম পরওয়ার ভোট দিলেন : পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটটি দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ভোটকেন্দ্রে মাকে জড়িয়ে ধরেন মিয়া গোলাম পরওয়ার।
ভোট দিয়েছেন নাহিদ ইসলাম : ঢাকা-১১ আসনের ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টা নাগাদ রাজধানীর বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে বাড্ডা এ. কে. এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে এ আসেন তিনি।
এ জাতীয় আরো খবর..